আরও শক্তি হারাল তৃণমূল! একসঙ্গে এনসিপিআইয়ে যোগ দিলেন ৭০ জন

SOBDIK NEWS: বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূলে (TMC) ভাঙন শুরু হয়েছিল। এখনও সেই ধারা অব্যাহত। বছর শেষের আগে সন্দেশখালির তৃণমূলে বড়সড় ভাঙন দেখা গেল। একসঙ্গে প্রায় ৭০ জন এনসিপিআইয়ে (NCPI) যোগদান করলেন।
তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগদান ৭০ জনের | (NCPI)
বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরেই দলের ২০ জন সাংসদ এনসিপিআইয়ে যোগদান করেন। এরপর থেকে বাংলায় এই দলের শক্তিবৃদ্ধি হয়েই চলেছে। ইতিমধ্যে ইসলামপুর, বসিরহাট, গোয়ালপোখর সহ রাজ্যের একাধিক প্রান্তে তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি এনসিপিআইয়ের দখলে চলে গিয়েছে।
এবার সন্দেশখালির ২টি ব্লক থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্য সহ প্রায় ৭০ জন তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগদান করেন। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার কসবায় তাঁদের আনুষ্ঠানিকভাবে যোগদান করানো হয়। এর মধ্যে সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত ন্যাজাট ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য, সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত ৪টি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য ছিলেন।
আরও পড়ুনঃ অভিষেকের রক্ষাকবচ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের, মানতে নারাজ রাজ্য! এবার লড়াই সুপ্রিম কোর্টে
এই দলবদলের হিড়িক প্রসঙ্গে মমতাপন্থী তৃণমূলের কটাক্ষ, এনসিপিআই আসলে বিজেপিরই এজেন্ট। পাল্টা নব্য এনসিপিআই নেতাদের দাবি, এনডিএ-র উন্নয়ন দেখে মানুষ আসছেন।
বিধানসভা ভোটের পর থেকে বসিরহাট লোকসভা এলাকায় তৃণমূলের শক্তিক্ষয় হয়েই যাচ্ছে। এনসিপিআইয়ের বসিরহাট সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটরের দাবি, ইতিমধ্যে তৃণমূলের হাতে থাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত ও ২টি পঞ্চায়েত সমিতি তাঁদের দখলে চলে এসেছে।
তৃণমূলের দখলে থাকা ২৩ আসনের মিনাখাঁ পঞ্চায়েত সমিতির ১৩ জন নির্বাচিত সদস্য আগেই এনসিপিআইয়ে যোগদান করেছেন। এর মধ্যে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও রয়েছেন। পাশাপাশি ২০ আসনের কুলটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ ১৩ জন সদস্যও ওই একই দলে নাম লিখিয়েছেন।
এবার সন্দেশখালিতে আরও শক্তিবৃদ্ধি করল এনসিপিআই। একসঙ্গে ৭০ জন সদস্যের তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগদান করা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।



