পাড়ায় ঢুকবে ঠাকুরের ছবি লাগানো গাড়ি, বাজবে ভক্তিগীতি! নতুন পরিকল্পনা রাজ্যের

SOBDIK NEWS: বাড়িতে পুজোর পর বাসি ফুল নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। ঠাকুরের ফুল বলে যেখানে সেখানে ফেলতেও চান না। তাই অনেকেই সেই ফুল পুকুর বা নদীতে ফেলে দেন। তবে এবার আর তা করতে হবে না। বাড়ি থেকে পুজোর ফুল সংগ্রহ করতে আসবে বিশেষ গাড়ি। সেই গাড়িতে থাকবে ঠাকুরের ছবি, বাজবে ভক্তিগানও। এবার এমনই নতুন পরিকল্পনার কথা জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে পুজোর ফুল, জানালেন পুরমন্ত্রী (Agnimitra Paul)
রবিবার দুর্গাপুর নগর নিগমে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবার বাড়ি বাড়ি গিয়ে পুজোর বাসি ফুল সংগ্রহ করা হবে। সেই ফুল দিয়েই তৈরি হবে ধূপ ও আবির।
কিন্তু কীভাবে ফুল সংগ্রহ করা হবে?
মন্ত্রী জানিয়েছেন, বাড়িতে পুজোর পর যে ফুল জমবে, সেগুলি একটি প্যাকেটে ভরে রেখে দিতে হবে। সপ্তাহে একদিন এলাকায় ফুল সংগ্রহ করতে আসবে একটি বিশেষ গাড়ি। ওই গাড়িটি ঠাকুরের ছবি দিয়ে সাজানো হয়েছে। গাড়িতে ঠাকুরের গানও বাজবে। সেই গান শুনলেই বোঝা যাবে ফুল নিতে গাড়ি এসেছে। কোন দিন গাড়ি আসবে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। সেদিন বাড়িতে জমিয়ে রাখা ফুল গাড়িতে দিয়ে দিতে পারবেন সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ফসলের ক্ষতি হলে মিলবে টাকা! কৃষকদের জন্য ২০৫ কোটি বরাদ্দ রাজ্যের, বিস্তারিত জানুন
প্রথম কোথায় চালু হবে এই ব্যবস্থা?
জানা গিয়েছে, প্রথমে আসানসোল থেকে এই কাজ শুরু হবে। শুধু বাড়ি নয়, বিভিন্ন মন্দির থেকেও পুজোর ফুল সংগ্রহ করা হবে। দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নৈহাটির বড়মার মন্দির থেকেও ফুল নেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, পুজোর ফুল অনেক সময় আবর্জনার সঙ্গে মিশে যায়। আবার অনেকে পুকুর বা নদীতে ফেলে দেন। এতে জল দূষণের আশঙ্কা থাকে। সেই কারণেই বাসি ফুল কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরিকল্পনা অনুযায়ী সংগ্রহ করা ফুল দিয়ে তৈরি হবে ধূপ ও আবির। এতে একদিকে যেমন পুজোর ফুল কাজে লাগবে, তেমনই পরিবেশ দূষণও কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে (Agnimitra Paul)।



