জলে গেল অভিমন্যুর হাফসেঞ্চুরি, ব্যর্থ বোলিংও! পাণ্ডিয়াদের কাছে হেরে মুস্তাক আলিতে চাপে বাংলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিরাট চাপে বাংলা। জয়ের হ্যাটট্রিকের পর আশা জাগিয়েছিল লক্ষ্মীরতন শুক্লার দল। কিন্তু এদিন বরোদার কাছে হেরে মহা সমস্যায় বাংলা। হতশ্রী ব্যাটিংয়ে একমাত্র লড়াই করেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। এরপর বোলিংয়ের দশাও তথৈবচ। অনায়াসে প্রয়োজনীয় লক্ষ্য তুলে ৪ উইকেটে ম্যাচ জেতে ক্রুণাল পাণ্ডিয়ারা। আর সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল বাংলা।
এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন বরোদা অধিনায়ক ক্রুণাল। প্রথম ওভারেই করণ লালের উইকেট হারায় বাংলা। সেখান থেকে হাল ধরেন অভিষেক পোড়েল ও অভিমন্যু ঈশ্বরণ। ৬ ওভারের মধ্যে প্রায় ৬০-র কাছাকাছি রানও উঠে যায়। কিন্তু অভিষেকের (২৯) উইকেট হারানোর পর থেকেই রানের গতি কমতে থাকে। সুদীপ কুমার ঘরামি রান পাননি। শাকির গান্ধী, ঋষভ চৌধুরীরাও রানের গতি তুলতে পারেননি। একমাত্র লড়াই করেন অভিমন্যু। ৪৬ বলে ৭৮ রান করেন তিনি। তাঁর ব্যাট থেকে ১০টা চার ও দু’টো ছক্কা। শেষমেশ ২০ ওভারে বাংলা ১৭২ রান তোলে।
জবাবে বরোদাকে প্রথম বলেই ধাক্কা দিয়েছিলেন মহম্মদ শামি। কিন্তু তারপর আর ম্যাচের রাশ আলগা করেনি বরোদা। শিবালিক শর্মা (৩১), শাশ্বত রাওয়াতরা (৫১) ধীরেসুস্থে জয়ের দিকে এগিয়ে যান। এরপর দায়িত্ব নেন জিতেশ শর্মা। ২৯ বলে ৫৪ রানের ইনিংসে বাংলার জয়ের আশা কার্যত শেষ করে দেন। শামি ওই একটি উইকেটই পান। মুকেশ কুমারের সম্বল একটি উইকেট। সায়ন ঘোষ ৩৩ রানে ৩ উইকেট নিলেও লাভ হয়নি। গুচ্ছ ক্যাচ মিসের খেসারত দিতে হল। বরোদা অধিনায়ক ক্রুণাল ২ উইকেট তোলার পাশাপাশি ১৭ রান করেন। শেষমেশ ৯ বল বাকি থাকতেই ৪ উইকেটে হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় বরোদা।
৫ ম্যাচের পর বাংলার পয়েন্ট ১২। হাতে আর মাত্র দু’টো ম্যাচ। ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা বরোদার পয়েন্ট ১৬। সমসংখ্যাক পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রাজস্থান। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষে থাকা দল ও পাঁচ গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা তিনটি দল কোয়ার্টার ফাইনালে যাবে। সেই লড়াইয়ে অনেকটা পিছিয়ে গেল বাংলা।
শেয়ার
লিংক



