0%

‘স্যান্ডপেপারগেট ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংকেও ছাপিয়ে যাবে’, বিস্ফোরক জিওফ্রে বয়কট

আট বছর আগের কুখ্যাত স্যান্ডপেপারগেট (Sandpapergate) নিয়ে তোলপাড় ক্রিকেটমহল। কেবল অস্ট্রেলিয়া ক্রিকেটে নয়, ঘটনার আঁচ পড়তে শুরু করেছে বিশ্ব ক্রিকেটেও। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার জিওফ্রে বয়কট (Geoffrey Boycott) জানিয়েছেন, ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল বিকৃতির ঘটনা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংকেও ছাপিয়ে যাবে। এছাড়াও তিনি মনে করেন, বল বিকৃতির ঘটনায় স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসনের শাস্তি যথেষ্ট ছিল না। তাঁদের অন্তত পাঁচ বছরের জন্য নির্বাসিত করা উচিত ছিল।

ইংল্যান্ডের প্রথম শ্রেণির দৈনিকে নিজের কলামে বয়কট লিখেছেন, হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ গড়াপেটার ঘটনার তুলনায় বল বিকৃতির কাণ্ডের ব্যাপ্তি ছিল অনেক বেশি। তাঁর কথায়, ‘ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনাকে অস্ট্রেলিয়ার বল বিকৃতির কাণ্ড ছাপিয়ে যাবে। ২৫ বছরেরও বেশি সময় আগে ওই ঘটনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বড় ধাক্কা লেগেছিল। ক্রিকেটে এমন ঘটনা এর আগে কখনও পড়িনি বা দেখিনি। একটা গোটা দল প্রতারণা করেছিল! ক্রোনিয়ে মূলত দুই তরুণ ক্রিকেটার হার্শেল গিবস এবং হেনরি উইলিয়ামসকে নিজের পরিকল্পনায় যুক্ত করেছিলেন। দক্ষিণ আফ্রিকার দলের বাকি ক্রিকেটার এবং কোচেরা কিছুই জানতেন না।’

স্মিথ এবং ওয়ার্নারের শাস্তি নিয়েও বরাবর আপত্তি রয়েছে বয়কটের। কেপ টাউন টেস্টের পর স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের জন্য নির্বাসিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্যামেরন ব্যানক্রফটের শাস্তি হয়েছিল ন’মাসের। ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার লিখেছেন, ‘আমি তখনও বলেছিলাম, এখনও মনে করি, ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ খুব সহজে পার পেয়ে গিয়েছিল। ওদের পাঁচ বছরের জন্য নির্বাসিত করা উচিত ছিল।’ বল বিকৃতির ঘটনাকে আচমকা নেওয়া কোনও সিদ্ধান্ত বলেও মানতে নারাজ বয়কট। ‘এটা হঠাৎ ঘটে যাওয়া কোনও ঘটনা ছিল না। দু’টি টেস্টে জেতার জন্য প্রতারণার পরিকল্পনা করা হয়েছিল। দলের জুনিয়র ক্রিকেটারকে দিয়ে কাজটি করানো হয়েছিল। কারণ কেউ তাকে বিশেষ নজরে রাখবে না বলে মনে করা হয়েছিল।’ লেখেন বয়কট।

Geoffrey Boycott says Sandpapergate Will Even Eclipse Cronje's Match-Fixing Scandal
জিওফ্রে বয়কট। ফাইল ছবি

অস্ট্রেলিয়ার গোটা দল এবং কোচিং স্টাফের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেছেন বয়কট। তাঁর অভিযোগ, ঘটনার পর দায় তিন ক্রিকেটারের উপর চাপিয়ে দেওয়ার হয়েছিল। তিনি লিখেছেন, ‘স্যান্ডপেপার কাণ্ডে অস্ট্রেলিয়ার গোটা দল জড়িত ছিল। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ– প্রত্যেকেই পরিকল্পনায় শামিল ছিল। পরে দায় চাপানো হয়েছিল তিন ক্রিকেটারের উপর। কীভাবে সবাই মিলে এমন কাজে অংশ নিয়েছিল, তা অবিশ্বাস্য।’

উল্লেখ্য, ২০০০ সালের এপ্রিল মাসে বুকিদের সঙ্গে ক্রোনিয়ের যোগাযোগের বিষয়টি সামনে আসে। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও চার দিন পরে লন্ডনের এক বুকির কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন তিনি। সেই সপ্তাহেই দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। পরবর্তী সময়ে কিং কমিশনের শুনানিতে জানা যায়, ভারতের বিরুদ্ধে নাগপুরে একটি ওয়ানডে ম্যাচে ফিক্সিংয়ের পরিকল্পনায় গিবস ও উইলিয়ামসকে যুক্ত করার চেষ্টা করেছিলেন ক্রোনিয়ে। প্রত্যেককে ১৫ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। গিবসকে ২০ রানের কম করতে বলা হয়েছিল। উইলিয়ামসকে জানানো হয়েছিল, ৫০ রানের বেশি দিতে।

তবে শেষ পর্যন্ত পরিকল্পনা সফল হয়নি। গিবস ৫৩ বলে ৭৪ রান করেন। অন্যদিকে, কাঁধের চোটের কারণে দ্বিতীয় ওভার শেষ করার আগেই মাঠ ছাড়তে হয় উইলিয়ামসকে। ২০০০ সালের অক্টোবরে ক্রোনিয়েকে আজীবন নির্বাসিত করা হয়। গিবস ও উইলিয়ামসের নির্বাসনের মেয়াদ ছিল ছ’মাস। এবার স্যান্ডপেপারগেট ঘটনার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২৫ বছর আগের ঘটনাকে টেনে আনলেন বয়কট। আট বছর আগের ঘটনায় তিন ক্রিকেটার ‘নামমাত্র’ শাস্তি দেওয়া হলেও অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের বিরুদ্ধে অবশ্য কোনও পদক্ষেপ করা হয়নি। তদন্তে নির্দোষ ঘোষিত হয়েছিলেন প্রধান কোচ ড্যারেন লেম্যান। যদিও কেলেঙ্কারি প্রকাশ্যে আসার কয়েক দিন পরেই পদত্যাগ করেন তিনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker