0%

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিজেপি সংসদ

নয়াদিল্লি: ফের শোকের ছায়া নেমে এল দেশের রাজনৈতিক মহলে। ( Ramrao Sakharam)প্রয়াত হলেন বিজেপির রাজ্যসভা সাংসদ রামরাও সাখারাম ওয়াডকুটে । হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির অল…

নয়াদিল্লি: ফের শোকের ছায়া নেমে এল দেশের রাজনৈতিক মহলে। ( Ramrao Sakharam)প্রয়াত হলেন বিজেপির রাজ্যসভা সাংসদ রামরাও সাখারাম ওয়াডকুটে । হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা AIIMS-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এই বিজেপি নেতা। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। রাত ১১টা বেজে ৪৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে বিজেপি শিবিরের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলেও শোকের আবহ তৈরি হয়েছে।

আরও দেখুনঃ ডাক্তারি-ইঞ্জিনিয়ারিংয়ের পর এবার সিএ পরীক্ষায় সংরক্ষণের দাবি! তুঙ্গে বিতর্ক

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন রামরাও সাখারাম ওয়াডকুটে। মহারাষ্ট্রের মরাঠাওয়াড়া অঞ্চলের বাসিন্দা এই রাজনীতিক দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একেবারে তৃণমূলস্তর থেকে উঠে এসে নিজের রাজনৈতিক পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

সাধারণ মানুষের সঙ্গে ( Ramrao Sakharam)নিবিড় যোগাযোগ এবং জনসেবার মানসিকতার জন্য দলের অন্দরে তাঁর বিশেষ পরিচিতি ছিল। রাজ্যসভার সদস্য হওয়ার আগে মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৪ সালের জুন মাস থেকে ২০১৯ সালের অক্টোবর মাস পর্যন্ত বিধান পরিষদের সদস্য ছিলেন রামরাও। রাজ্য রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে বিজেপির কাছে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ মুখ।

রামরাওয়ের প্রয়াণের খবর সামনে আসতেই শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী জানান, প্রয়াত সাংসদের অবদান দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে। দরিদ্র ও সাধারণ মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন বলেও উল্লেখ করেন মোদী।

পাশাপাশি মহারাষ্ট্রে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করার ক্ষেত্রেও রামরাওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান তিনি। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। শোকবার্তার শেষে ‘ওম শান্তি’ লিখে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও রামরাও ওয়াডকুটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন প্রয়াত এই নেতা। কোনও রাজনৈতিক পরিবারের পরিচিতি বা বিশেষ সুযোগ-সুবিধার উপর নির্ভর না করে একেবারে তৃণমূলস্তর থেকে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।

মানুষের পাশে থাকা এবং তাঁদের কল্যাণে কাজ করাই ছিল তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম লক্ষ্য। বিজেপির সাংগঠনিক দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন রামরাও। তাঁর মৃত্যুতে মহারাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিকে রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনও প্রয়াত সাংসদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ( Ramrao Sakharam)সংসদীয় রাজনীতিতে এবং সমাজের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে শোকবার্তা দিয়েছেন তিনি। লোকসভার স্পিকার ওম বিড়লাও রামরাওয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের স্বার্থে তাঁর কাজ এবং রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন তাঁর সহকর্মীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রয়াত সাংসদের শেষ দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সোমবার তাঁর মরদেহ নিজের এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে আত্মীয়স্বজন, পরিচিতজন, দলীয় কর্মী এবং সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর মঙ্গলবার মহারাষ্ট্রের হিঙ্গোলীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই তাঁর প্রয়াণের খবরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker