0%

চোট কাটিয়ে আজ ফিরছেন ম্যাকলারেন, চার্চিলের বিরুদ্ধে চিন্তায় রাখছে আলবার্তোর কার্ড সমস্যাও

শনিবার সন্ধ্যায় চার্চিল ব্রাদার্সের মুখোমুখি মোহনবাগান। তার আগের দিন গোয়ায় পৌঁছে আর অনুশীলন করেননি মনবীর সিংরা। হোটেলেই হালকা গা ঘামান। মিগুয়েল ফিগুয়েরা ছাড়া বাকি সবাই গোয়া গিয়েছেন। মোহনবাগানের ইতিবাচক দিক রবিবার চার্চিলের বিরুদ্ধে ফিরতে চলেছেন জেমি ম্যাকলারেন। 

ডার্বির আগে ম্যাকলারেনের প্রত্যাবর্তন আক্রমণভাগ শক্তিশালী হবে মোহনবাগানের। গত কয়েক ম্যাচে এই তারকার অনুপস্থিতিতে একাধিক গোলের সুযোগ তৈরি করেও তা থেকে গোল তুলে আনতে ব্যর্থ মোহনবাগানের আক্রমণভাগের ফুটবলাররা। হালকা চোট থাকা লি এরউইনকে পরিবর্ত হিসাবে নামাতে পারেন প্যানাজিওটিস দিলেমপেরিস। ডার্বির আগে তাঁকেও পুরোপুরি সুস্থ করে তুলতে চান মোহনবাগান কোচ। তবে প্রশ্ন হচ্ছে রক্ষণের অন্যতম স্তম্ভ আলবার্তো রডরিগেজকে কি ঝুঁকি নিয়ে প্রথম একাদশে খেলাবেন দিলেমপেরিস? ইতিমধ্যেই তিনটে হলুদ কার্ড দেখে ফেলেছেন তিনি। আর একটা হলুদ কার্ড দেখলে ডার্বিতে পাওয়া যাবে না তাঁকে। যদি আলবার্তো না খেলেন, তাহলে চার ভারতীয় রক্ষণভাগের ফুটবলারের উপস্থিতি হতে পারে রবিবার।

সেদিক থেকে দেখলে অভিষেক সিং, মেহতাব সিং, রাহুল ভেকে ও শুভাশিস শুরু করতে পারেন। দুই উইংয়ে লিস্টন কোলাসো ও মনবীরের সঙ্গে অনিরুদ্ধ থাপা ও আপুইয়া আসতে পারেন। এদের সামনে দেজন দ্রাজিচ। একেবারে সামনে ম্যাকলারেন। শুধু ম্যাকলারেন নন, আপুইয়ার সুস্থ হয়ে ফেরাটাও ইতিবাচক দিক মোহনবাগানের। তবে চার্চিলের বিরুদ্ধে কতটা ঝুঁকি নেন দিলেমপেরিস সেটাই দেখার। তবে গোয়ার মাঠে চার্চিল শক্ত প্রতিপক্ষ মনে করছেন সবুজ-মেরুন কোচ দিলেমপেরিস।

এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সেখানে চার্চিল রয়েছে লিগ টেবিলের দশম স্থানে। তাদের পয়েন্ট মাত্র তিন। যদিও লিগ টেবিলের নীচের দিকে থাকলেও চার্চিলকে এতটা হালকা নিতে নারাজ মোহনবাগান কোচ। তিনি বলেন, “ওদের শুরুটা ভালো হয়নি ঠিকই। শুনেছি প্রাক মরশুম প্রস্তুতিরও সুযোগ পায়নি। প্রথম দুই ম্যাচে তার প্রভাব পড়লেও পরের ম্যাচে ক্রমাগত উন্নতি করেছে। নর্থইস্টের বিরুদ্ধে ওদের হারটা দুর্ভাগ্যজনক। তাই এই ম্যাচে ওদেরকে সম্মান করতে হবে। ওদের দলেও ভালো ফুটবলার রয়েছে। সেই সম্পর্কে ওয়াকিবহাল রয়েছি। আমাদের পরিকল্পনা অনুযায়ী জিততে হবে।”

ম্যাকলারেনের ফিরে আসাতে দলের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করছেন মোহনবাগান কোচ। ফিফা ফ্রেন্ডলির জন্য আইএসএল বন্ধ ছিল। এই বিরতির সময় একাধিক চোট পাওয়া ফুটবলারদের সুস্থ করে তোলার দিকে মনোযোগ দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই ডার্বিতে নামার আগে এই ম্যাচে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইছেন মনবীর, লিস্টনরা। একই সঙ্গে চোট-আঘাত বাঁচিয়ে ডার্বিতে নামাও মোহনবাগান ফুটবলারদের অন্যতম লক্ষ্য।

আজ আইএসএলে
চার্চিল ব্রাদার্স বনাম মোহনবাগান (Churchill Brothers vs Mohun Bagan)
গোয়া, সন্ধ্যা ৭.৩০
আইএসএল ইউটিউব চ্যানেল

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker