বাংলাদেশে ফের কালি মেখে বিকৃত করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি, পুনরুদ্ধারের কয়েক দিনের মধ্যেই ফের হামলা

ঢাকা, ২৩ নভেম্বর : বাংলাদেশে ফের বিকৃত করা হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। খুলনা রেলওয়ে স্টেশনে দেওয়ালে আঁকা নোবেলজয়ী কবির প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এর মাত্র কয়েক দিন আগেই একই প্রতিকৃতি বিকৃত করার পর তা পুনরুদ্ধার করা হয়েছিল। ফের এই ঘটনায় বাংলাদেশে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার তদন্তে পুলিশকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লোকমান হোসেন। বাংলাদেশের সংবাদপত্র ‘দ্য ডেইলি স্টার’-কে তিনি জানিয়েছেন, কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীত দিকের দেওয়ালে বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লোকসাধক ফকির লালন শাহ, শিল্পী এস এম সুলতান এবং কবি মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতিও রয়েছে। তবে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতেই কালো স্প্রে পেইন্ট দিয়ে বিকৃতির ঘটনা ঘটেছে।
চলতি মাসের গোড়াতেও একই প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে দিয়েছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। পরে প্রতিকৃতিটি পুনরুদ্ধার করা হয়।
ঘটনার তীব্র নিন্দা করে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রতিকৃতি বিকৃত করার মাধ্যমে দুষ্কৃতীরা নিজেদের সংকীর্ণ মানসিকতা ও অসুস্থ চিন্তাভাবনার পরিচয় দিয়েছে।
সাংস্কৃতিক কর্মী তথা নাট্যালোকের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিমের সন্দেহ, এই ঘটনার পিছনে কোনও সংগঠিত গোষ্ঠী রয়েছে। ‘দ্য ডেইলি স্টার’-কে তিনি বলেন, ঢাকাতেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। পরিকল্পিতভাবেই এই কাজ করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। রবীন্দ্রনাথের পর অন্য বিশিষ্ট ব্যক্তিত্বদেরও নিশানা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সেলিম আরও বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা এবং মানবিক মর্যাদার আদর্শে উদ্বুদ্ধ করেছে। অথচ কিছু তরুণকে ভুল পথে পরিচালিত করে এ ধরনের নিন্দনীয় কাজে যুক্ত করা হচ্ছে।
বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এবং অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে রবীন্দ্রনাথকে উল্লেখ করে এই ঘটনার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত মাসেও ঢাকার বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতি প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করা হয়েছিল। ওই ঘটনার পর বাংলাদেশের অন্তত ৩৭ জন বিশিষ্ট নাগরিক গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের আশঙ্কা, এ ধরনের ঘটনা বাড়তে থাকলে ধর্মীয় উগ্রপন্থীরা আরও উৎসাহিত হতে পারে এবং দেশে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।
বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট নাগরিকরা স্মরণ করিয়ে দেন, ১৯৬০-এর দশকে পাকিস্তানের শাসকরা রাজনৈতিক উদ্দেশ্যে রবীন্দ্রনাথকে মুসলিমবিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁর প্রতিকৃতি বিকৃত করার ঘটনাকে সেই প্রচেষ্টার সঙ্গে তুলনা করেছেন তাঁরা।



