0%

‘নিষ্প্রাণ’ পিচে অসহায় বুমরাহরা! ৭২০ রান করেও কিউয়িদের বিরুদ্ধে জয় অধরা ভারতের

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ৩৬৮/১০ (নিকোলস ১৭৫, ফিলিপস ১১৮, বুমরাহ ৯২/৪)
ভারত (প্রথম ইনিংস): ৭২০/৯ ডিক্লেয়ার (রাহুল ১৩৬, পন্থ ১২৮, ফিলিপস ৩/১৫৪)
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস): ২৩৯/৫ (কনওয়ে ৬৫, মিচেল ৪৯, প্রসিদ্ধ ২/২৩, বুমরাহ ২/৪২)।
ম্যাচ ড্র।

উপমহাদেশের মাটিতে এমন পিচ হলে সমালোচনায় সরব হতেন নিন্দুকেরা। উঠত টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। অথচ নিউজিল্যান্ডের মাটিতেই এবার দেখা গেল এমন এক ‘নিষ্প্রাণ’ ২২ গজ। যেখানে কার্যত ভোঁতা হয়ে গেল জশপ্রীত বুমরাহর অস্ত্র। বিশেষ সুবিধা করতে পারলেন না আকাশ দীপ, অংশুল কম্বোজরাও। ফলাফল? ৭২০ রান করে চালকের আসনে থেকেও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল টিম ইন্ডিয়া। এক ঘণ্টা বাকি থাকতেই ড্রয়ের সিদ্ধান্ত নিলেন শুভমান গিলরা। 

কেএল রাহুলের পর ঋষভ পন্থের সেঞ্চুরিতে ৩৫২ রানের লিড নেয় ভারত। চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১১৯ রান। ভারত এখনও ২৩৩ রানে এগিয়ে। অন্য কোনও পিচ হলে নিশ্চিতভাবেই বলা যেত, টেস্ট জিততে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু ওয়েলিংটনের যে ২২ গজে টিম ইন্ডিয়াকে খেলতে হচ্ছে, সেই পিচে ৮ উইকেট তোলাটা যে চাট্টিখানি কথা নয়, তা হাড়ে হাড়ে টের পেলেন ভারতীয় বোলাররা। পঞ্চম দিনের শুরুতে দুই অপরাজিত ব্যাটার ডেভন কনওয়ে ও রাচীন রবীন্দ্রকে ফিরিয়ে ভারতকে কিছুটা স্বস্তি দেন ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণ। ১৬৫ বল খেলে ৬৫ রান করা কনওয়েকে ফেরান ওয়াশিংটন। ক্যাচ নেন পন্থ। কিছুক্ষণ পর প্রসিদ্ধের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রবীন্দ্র। তিনি করেন ৩৭ রান। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

এর পর টম ব্লান্ডেলকে ফিরিয়ে আশা বাড়ান অংশুল কম্বোজ। ১৫ রানে ফেরেন ব্লান্ডেল। যদিও আম্পায়ার প্রথমে তাঁকে আউট দেননি। ডিআরএসে ধরা পড়ে ব্যাটের কানায় লেগেছিল বল। ভারতের পঞ্চম উইকেট আসে সেই রিভিউয়ের সৌজন্যে। কিন্তু এর পরেই উইকেটে মাটি কামড়ে পড়ে থাকেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। নতুন বল নেওয়ার পর বুমরাহকে আক্রমণে আনেন অধিনায়ক গিল। কিন্তু তাঁকেও স্বচ্ছন্দে সামলান দুই কিউয়ি তারিকা। তবে অংশুলের বলে মিচেলের ক্যাচের সুযোগ হাতছাড়া করেন দেবদত্ত পাড়িক্কল।

চা পানের বিরতিতে নিউজিল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ২০৬। সেই সময় মিচেল ২৪ এবং ফিলিপস ১৯ রানে অপরাজিত। ভারতের থেকে তখনও ১৪৬ রান পিছিয়ে কিউয়িরা। শেষ সেশনে ভারতের প্রয়োজন ছিল পাঁচ উইকেট। কিন্তু মিচেল-ফিলিপস প্রাচীর হয়ে দাঁড়ান। ২৫৮ বল, অর্থাৎ টানা ৪৩ ওভার কাটিয়ে দিলেন মিচেল ও ফিলিপ্স। রান উঠল মাত্র ৬৩। তবু তাঁদের জুটি ভাঙতে পারলেন না ভারতীয় বোলাররা। পেসার থেকে স্পিনার, সব অস্ত্রই প্রয়োগ করলেন ভারত অধিনায়ক। কিছুতেই কাজ হল না। শেষ পর্যন্ত মিচেল অপরাজিত থাকলেন ১৮৬ বলে ৪৯ রানে। ফিলিপ্সের সংগ্রহ ১২৬ বলে ২৬ রান। তার উপর ফিল্ডিংয়ে একের পর এক ভুল। হাতছাড়া হল ক্যাচ। নষ্ট হল রান আউটের সহজ সুযোগ। এই জুটি ভাঙতে পারলে ম্যাচে ফেরার একটা রাস্তা হয়তো খুলে যেত ভারতের সামনে। কিন্তু নিজেদের ভুলেরই মাশুল গুনতে হল শুভমানদের।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker