এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক করলে সমস্যা হতো না, মতভেদ থাকত না: অশোক গেহলট

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যদি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরুর আগে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতেন, তাহলে এই নিয়ে কোনও সমস্যা তৈরি হতো না বলে মন্তব্য করলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট।
সোমবার আইএএনএস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে গেহলট বলেন, ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা কংগ্রেস বা বিরোধী দলগুলির নেই। তবে এই প্রক্রিয়া শুরু করার আগে নির্বাচন কমিশনের উচিত ছিল সমস্ত রাজনৈতিক দলকে আলোচনায় সামিল করা এবং তাদের মতামত নেওয়া।
তিনি বলেন, “জ্ঞানেশ কুমার যদি একটি সর্বদলীয় বৈঠক ডাকতেন এবং জানাতেন যে ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিক নাম রয়েছে, মৃত ব্যক্তিদের নাম রয়েছে এবং অনেকে অন্যত্র চলে গিয়েছেন, তাহলে কী করা উচিত, সে বিষয়ে বিরোধীদের পরামর্শ নিতে পারতেন। সম্মিলিতভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা যেত এবং কোনও অভিযোগ থাকত না।”
নির্বাচন কমিশনের এসআইআর পরিচালনা নিয়ে বিরোধী দলগুলির লাগাতার সমালোচনার মধ্যেই এই মন্তব্য করলেন গেহলট। ভোটার তালিকা থেকে নাম শনাক্তকরণ এবং বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে একাধিক বিরোধী নেতা উদ্বেগ প্রকাশ করেছেন।
গেহলট আরও বলেন, এই মুহূর্তে বিরোধীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দেশের গণতন্ত্রকে রক্ষা করা। তাঁর অভিযোগ, সরকার সংসদে আইন পাশ করিয়ে আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। লোকসভায় আসন সংখ্যা ৮৫০-এ বৃদ্ধি, রাজ্যগুলিতে আসন সংখ্যা বাড়ানো এবং মহিলা সংরক্ষণের নামে আসন সংখ্যা প্রায় ৫১ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “ওয়ান নেশন, ওয়ান ইলেকশন নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির ক্ষেত্রে দেশের মানুষ, সাধারণ জনগণ কিংবা বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা করা হচ্ছে না। অথচ বিরোধীরা এমন কিছু পরামর্শ দিতে পারে, যা সরকারও গ্রহণ করতে পারে।”
গণতন্ত্রের মূল নীতি হিসেবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিরোধীদের অংশগ্রহণের উপর গুরুত্ব দিয়ে গেহলট বলেন, আসন পুনর্বিন্যাস, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন কিংবা সংরক্ষিত আসন বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে না। বরং আলাদাভাবে রাজনৈতিক দলগুলিকে ডেকে আলোচনা করা হচ্ছে।
তাঁর বক্তব্য, “কেন একটি সর্বদলীয় বৈঠক ডেকে যথাযথ আলোচনা করা হচ্ছে না? শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা সরকারের হাতেই রয়েছে এবং তারা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আলোচনা এড়িয়ে বিকল্প পথে এগোলে সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়।”



