0%

সিঙ্গুরে ফিরছে শিল্প? টাটার পর এবার ট্রাক কারখানা গড়তে আসছে অশোক লেল্যান্ড!

কলকাতা: প্রায় দুই দশক আগে যে সিঙ্গুরকে কেন্দ্র করে রাজ্যের শিল্পায়ন নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছিল, সেই জমিতেই ফের কারখানা গড়ার উদ্যোগ। এবার লক্ষ্য…

কলকাতা: প্রায় দুই দশক আগে যে সিঙ্গুরকে কেন্দ্র করে রাজ্যের শিল্পায়ন নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছিল, সেই জমিতেই ফের কারখানা গড়ার উদ্যোগ। এবার লক্ষ্য ট্রাক উৎপাদন। আর এই প্রকল্পের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লেল্যান্ডের নাম। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, হুগলির সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়তে চলেছে সংস্থাটি। শীঘ্রই কাজ শুরু হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার, ২১ নভেম্বর, খড়গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিঙ্গুরে শিল্প ফেরানোর পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর দাবি, রাজ্য সরকারও এই উদ্যোগ নিয়ে আগ্রহী। তবে এখনও পর্যন্ত অশোক লেল্যান্ডের তরফে প্রকল্পের বিনিয়োগ, কর্মসংস্থান কিংবা নির্মাণ শুরুর নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।

এর পর রবিবার, ২২ নভেম্বর, সিঙ্গুরের জমি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এলাকায় মোট ৯৯৭ একর জমি অধিগ্রহণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জমির মালিক কৃষকদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা চলছে। ন্যায্য দাম দিয়ে জমি কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে।

উল্লেখযোগ্য বিষয়, ২০০৬ সালে টাটা মোটরসের ন্যানো গাড়ির কারখানা তৈরির জন্য বামফ্রন্ট সরকার যে ৯৯৭ একর জমি অধিগ্রহণ করেছিল, বর্তমানে সেই জমি নিয়েই নতুন করে পরিকল্পনা করছে রাজ্য। যদিও প্রস্তাবিত অশোক লেল্যান্ডের কারখানাটি ওই জমিতেই হবে কি না, সে বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে কিছু জানাননি।

কেন বারবার আলোচনায় সিঙ্গুরের জমি?

২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই প্রকল্পের জন্য কৃষিজমি অধিগ্রহণের সিদ্ধান্ত ঘিরে শুরু হয় বিরোধিতা। একাংশের কৃষক জমি দিতে রাজি হননি। তাঁদের জমি ফেরানোর দাবিতে আন্দোলনে নামে সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটি। আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস।

২০০৬ সালের ডিসেম্বর মাসে এই আন্দোলনকে কেন্দ্র করে অনশন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে আন্দোলনের তীব্রতা আরও বাড়ে। ২০০৮ সালের অগস্টে কারখানা চত্বর ঘিরে বিক্ষোভ শুরু হয়। প্রায় ৪০০ একর জমি ফেরানোর দাবিতে আন্দোলনকারীরা সরব হন।

পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত ওই বছরের অক্টোবর মাসে সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করে টাটা মোটরস। পরে গুজরাতের সানন্দে ন্যানো কারখানা গড়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শিল্প পরিবেশ নিয়ে জাতীয় স্তরেও আলোচনা শুরু হয়।

২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুর আন্দোলন সেই রাজনৈতিক পালাবদলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হয়ে উঠেছিল। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্ট জমি অধিগ্রহণকে বেআইনি ঘোষণা করে। কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। পরে পরিত্যক্ত কারখানার পরিকাঠামোও সরিয়ে ফেলা হয়।

নন্দীগ্রামের আন্দোলন থেকে সিঙ্গুরে শিল্প ফেরানোর উদ্যোগ

রাজনৈতিক দিক থেকেও এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, একসময় তৃণমূলের নেতা হিসেবে শিল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় আন্দোলনের সামনের সারিতে ছিলেন শুভেন্দু অধিকারী। ২০০৭ সালে নন্দীগ্রামে রাসায়নিক শিল্পতালুক তৈরির পরিকল্পনার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজনৈতিক পরিচিতি বাড়ে তাঁর।

এবার সেই শুভেন্দুই মুখ্যমন্ত্রী হিসেবে সিঙ্গুরে শিল্প স্থাপনের জন্য জমি কেনার উদ্যোগের কথা জানাচ্ছেন। পাশাপাশি রাজ্যের অন্যান্য এলাকাতেও শিল্পের জন্য জমি সংগ্রহের পরিকল্পনার কথা উঠে এসেছে। পুরুলিয়ায় সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া জুটমিলগুলির মালিকদের কাছ থেকেও জমি কেনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে সিঙ্গুরে নতুন শিল্প প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি বিষয় এখনও স্পষ্ট হওয়া বাকি। জমির মালিকদের সম্মতি, প্রকল্পের আর্থিক পরিকল্পনা এবং অশোক লেল্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণা, সবকিছুর উপরই নির্ভর করবে উদ্যোগটির ভবিষ্যৎ। ফলে ন্যানো প্রকল্পের প্রায় ২০ বছর পর সিঙ্গুরে শিল্পের নতুন অধ্যায় সত্যিই শুরু হয় কি না, এখন সেদিকেই নজর।

মমতার ১৫ বছরের প্রতিশ্রুতি মিথ্যে? MSME উৎপাদনশীলতায় এখনও পিছিয়ে বাংলা

ক্রিকেটের আঙিনায় ধর্মের রং! নিউজিল্যান্ড টেস্ট থেকে সিরাজকে বাদ দেওয়া নিয়ে বিস্ফোরক কংগ্রেস সাংসদ

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker