‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’, ‘শুধু গোমাংস…’! মোদীকে কটাক্ষ শশী থারুরের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কর্পোরেট সংস্থাগুলিকে করছাড় দেওয়ার পরেও দেশে কর্মসংস্থান বাড়ানো এবং কর্মীদের বেতন বৃদ্ধিতে…
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। কর্পোরেট সংস্থাগুলিকে করছাড় দেওয়ার পরেও দেশে কর্মসংস্থান বাড়ানো এবং কর্মীদের বেতন বৃদ্ধিতে তারা যথেষ্ট উদ্যোগী হয়নি বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মোদী। এবার সেই বক্তব্যকে বাস্তব পরিস্থিতির প্রতিফলন বলে ব্যাখ্যা করলেন থারুর। একই সঙ্গে ব্যবসার পরিবেশ, সরকারি বিধিনিয়ম এবং দুর্নীতি নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন তিনি।
তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে থারুর বলেন, কর্পোরেট সংস্থাগুলির জন্য সরকার করের বোঝা কমিয়েছে। এর উদ্দেশ্য ছিল বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান তৈরি এবং কর্মীদের বেতন বৃদ্ধি। কিন্তু সংস্থাগুলি সেই প্রত্যাশা পূরণ করেনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল সুর এটাই বলে মনে করছেন তিনি।
স্নাতকদের চাকরি পাওয়া কঠিন, দাবি থারুরের
দেশের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করা তরুণ-তরুণীদের চাকরি পাওয়ার সমস্যা বেড়েছে বলে দাবি তাঁর।
থারুরের কথায়, বর্তমানে চাকরি পাওয়া যথেষ্ট কঠিন হয়ে উঠেছে। এমনকী আইআইটি থেকে পাশ করা পড়ুয়াদেরও চাকরি না পাওয়ার ঘটনা সামনে আসছে। অতীতে এমন পরিস্থিতির কথা খুব একটা শোনা যেত না। তাঁর মতে, উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের পরিবেশ এখন বেশ উদ্বেগজনক।
‘ইজ অফ ডুয়িং বিজনেস’ নিয়েও প্রশ্ন
ব্যবসা করার সুবিধা বাড়ানোর সরকারি দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন থারুর। তাঁর বক্তব্য, ব্যবসায়িক ক্ষেত্রে এখনও অনেক জটিল নিয়মকানুন রয়েছে। সেগুলি সরল করা প্রয়োজন। বাস্তবে ব্যবসা করার পরিবেশ কতটা সহজ হয়েছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
দুর্নীতির প্রসঙ্গেও কেন্দ্রকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, দুর্নীতির পরিস্থিতি আগের তুলনায় খারাপ হয়েছে।
‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ নিয়ে কটাক্ষ
এ প্রসঙ্গেই মোদির বহুল প্রচারিত স্লোগান ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ তুলে ধরেন থারুর। দুর্নীতি দমনের প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বিখ্যাতভাবে বলেছিলেন, ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’। এখন আমরা বুঝতে পারছি, তিনি শুধু গোমাংসের কথাই বোঝাতে চেয়েছিলেন।”
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দিল্লিতে ফিকি-র একটি অনুষ্ঠানে কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, সরকার করছাড় ও বিভিন্ন সুবিধা দিলেও সংস্থাগুলি কর্মীদের বেতন বাড়ানো কিংবা নতুন নিয়োগের ক্ষেত্রে প্রত্যাশিত পদক্ষেপ করছে না।
প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে প্রশ্ন করেন, কর্মীদের বেতন কতটা বেড়েছে এবং কত নতুন কর্মী নিয়োগ করা হয়েছে? তাঁর বক্তব্য, সরকার একা কর্মসংস্থান বাড়ানোর দায়িত্ব পালন করতে পারে না। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি সংস্থাগুলিকেও সক্রিয় ভূমিকা নিতে হবে।
মোদির সেই মন্তব্যের পর এবার কংগ্রেস সাংসদ থারুরের প্রতিক্রিয়া ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিদেশ যাত্রা হল আরও কঠিন! পাসপোর্ট ইনডেক্সে ৮৪ তে নামল ভারত
২লক্ষ ১১ হাজার টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির রেল সাফাই কর্মীর



