সাক্ষাতপ্রার্থী খোদ ট্রাম্প, ‘পাত্তা না দিয়ে’ পরমাণু শক্তি বাড়িয়েই চলেছেন কিম! ঘুম ছুটেছে আমেরিকার

গোটা বিশ্ব আমেরিকার ভয়ে তটস্থ থাকলেও, ফুরফুরে মেজাজে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন (Kim Jong Un)। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সাক্ষাতপ্রার্থী হলেও পাত্তা দিতে নারাজ তিনি। বরং ট্রাম্পের উদ্বেগ বাড়িয়ে পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়িয়েই চলেছেন কিম। তাঁর সঙ্গে আলোচনায় বসতে গত বছর থেকে লাগাতার যোগাযোগের চেষ্টা করেছেন ট্রাম্প। কিন্তু পিয়ংইয়ংয়ের থেকে কোনও উত্তর আসেনি। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত বছর ট্রাম্প অফিসিয়াল ফোন লাইন এবং অন্যান্য চ্যানেলে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু উত্তর কোরিয়ার থেকে কোনও উত্তর আসেনি। এই অবস্থায় ট্রাম্প কিমকে একটি ব্যক্তিগত চিঠি পাঠানোর চেষ্টা করেন। কিন্তু সেই চিঠি কিমের কাছে পৌঁছে দেওয়াই হয়ে ওঠে বড় সমস্যা। হোয়াইট হাউসের আধিকারিকরা নিউইয়র্কে রাষ্ট্রসংঘে উত্তর কোরিয়ার মিশনের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। এরপর এক কূটনীতিক সেখান থেকে যাওয়ার সময় তাঁর হাতে চিঠিটি গুঁজে দেওয়া হয়। পরে রাষ্ট্রসংঘের এক বৈঠকে সেই কূটনীতিক সেই চিঠি আমেরিকার প্রতিনিধির সামনে রেখে দেন। চিঠিটি খোলাই হয়নি। বারবার এহেন ঘটনায় উদ্বেগের পাশাপাশি যারপরনাই অসন্তুষ্ট আমেরিকা।
২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের শেষ বৈঠকের সময় উত্তর কোরিয়ার হাতে ছিল আনুমানিক ২০-৩০টি পরমাণু ওয়ারহেড। এখন তা বেড়ে ৬০-এ পৌঁছেছে।
ওয়াকিবহাল মহলের মতে, আসলে উত্তর কোরিয়া যে ভাবে নিজেদের অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে তাতে ঘুম ছুটেছে আমেরিকার। ২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের শেষ বৈঠকের সময় উত্তর কোরিয়ার হাতে ছিল আনুমানিক ২০-৩০টি পরমাণু ওয়ারহেড। এখন তা বেড়ে ৬০-এ পৌঁছেছে। দেশটির হাতে এসেছে সলিড-ফুয়েল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। যা আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। স্যাটেলাইট চিত্রে দেখা গিয়েছে উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সম্প্রসারণ হয়েছে। উত্তর কোরিয়ার এই বিরাট পরমাণুযজ্ঞে পূর্ণ সহযোগিতা করছে রাশিয়া।
রিপোর্ট বলছে, রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে কিমের শক্তি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে প্রতিরক্ষা চুক্তির পর উত্তর কোরিয়া রাশিয়াকে সেনা দিয়েছে, বিনিময়ে পেয়েছে সামরিক প্রযুক্তি। এই অবস্থায় সম্প্রতি এশিয়া সফরে ট্রাম্প কিমের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠকের জন্য ব্যাপক চেষ্টা করেন। দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত কিম এমন শর্ত দেন, যা আমেরিকার পক্ষে মানা সম্ভব ছিল না। কিমের স্পষ্ট বার্তা, আমেরিকাকে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচিকে মেনে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান করতে, না হলে চিরস্থায়ী সংঘাতের মুখোমুখি হবে। পরমাণু কর্মসূচির সঙ্গে কোনও আপস করতে নারাজ কিম। এই পরিস্থিতিতে ট্রাম্প বন্ধুত্বের হাত বাড়ালেও পাত্তা দিতে নারাজ উত্তর কোরিয়ার শাসক।
শেয়ার
লিংক



