অন্ধকার নামলে বেরোন, ফেরেন আলো ফোটার আগে! করাচিতে কীভাবে জীবন কাটাচ্ছে ‘মোস্ট ওয়ান্টেড’ দাউদ?

করাচির অভিজাত ক্লিফটন এলাকা। চারপাশে কড়া নিরাপত্তা। বাইরে থেকে দেখলে আর পাঁচটা সুরক্ষিত বাড়ির মতোই। কিন্তু এই বাড়ির ভিতরেই নাকি রয়েছেন ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। দিনের আলোয় খুব একটা বাইরে বেরোন না তিনি। রাত ১০টার পর শুরু হয় তাঁর গতিবিধি। ভোরের আজানের আগেই আবার ফিরে যান বাড়িতে। এমনই একাধিক চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন এফবিআই এজেন্ট কামরান ফরিদি। তাঁর দাবি, সিনেমা ‘ধুরন্ধর’-এ অসুস্থ ও শয্যাশায়ী যে দাউদকে দেখানো হয়েছে, বাস্তবের দাউদ তার থেকে অনেকটাই আলাদা। এখনও সক্রিয়ভাবে নিজের অপরাধ ও মাদক পাচারের সাম্রাজ্য পরিচালনা করছেন তিনি। পাকিস্তানে বসেই ডি-কোম্পানির কাজকর্মের উপর নজর রাখছেন এই আন্ডারওয়ার্ল্ড ডন।
সম্প্রতি আজতক রেডিওর একটি বিশেষ পডকাস্টে ভারতের সাংবাদিক অরবিন্দ ওঝার সঙ্গে কথোপকথনে দাউদের ব্যক্তিগত জীবন, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র সঙ্গে যোগাযোগ এবং লস্কর-ই-তৈবার সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক দাবি করেছেন কামরান। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের পর পাকিস্তানে পালিয়ে গেলেও দাউদের প্রভাব এখনও শেষ হয়ে যায়নি। বরং নিরাপত্তার ঘেরাটোপে থেকে নিজের অপরাধের নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও এই সমস্ত তথ্য কামরান ফরিদির ব্যক্তিগত দাবি, স্বাধীনভাবে সেগুলির সত্যতা যাচাই করা যায়নি।
সাম্প্রতিক স্পাই থ্রিলার ছবি ‘ধুরন্ধর’-এ দাউদকে ‘বড়ে সাহাব’ নামে দেখানো হয়েছে। ছবিতে তাঁকে অসুস্থ ও প্রায় শয্যাশায়ী অবস্থায় দেখা যায়। কিন্তু কামরান ফরিদির দাবি, বাস্তবে দাউদ এখনও যথেষ্ট সক্রিয়। পাকিস্তানে বসেই ডি-কোম্পানির কাজকর্ম পরিচালনা করেন তিনি। বিশেষ করে ভারত ও পাকিস্তানে মাদক পাচারের ব্যবসার উপর তাঁর নজর রয়েছে।
কামরানের দাবি, পাকিস্তানের নিরাপত্তা মহলে দাউদকে ‘বড়ে সাহাব’ বা ‘বড়ে ওয়ালে’ নামে ডাকা হয়। তাঁর বয়স এখন প্রায় ৭০ বছর। তবে বয়সের কারণে কাজকর্ম থেকে সরে দাঁড়িয়েছেন, এমনটা নয় বলেই দাবি প্রাক্তন এফবিআই এজেন্টের। কামরান আরও দাবি, পাকিস্তানের করাচির অত্যন্ত সুরক্ষিত ক্লিফটন এলাকাতেই এখনও থাকেন দাউদ। পরিবারের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে রয়েছেন। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লেও নিজের মূল ঠিকানা বদলাননি তিনি। তবে পরিস্থিতি খারাপ হলে একাধিক নিরাপদ বাড়িতে আশ্রয় নেন।
কামরানের দাবি, এমন তিনটি গোপন আস্তানার কথা তাঁর জানা রয়েছে। তার মধ্যে একটি রয়েছে ইসলামাবাদে। দাউদের বাড়ির নিচে গোপন সুড়ঙ্গ থাকার যে কথা শোনা যায়, তা-ও অস্বীকার করেছেন তিনি। তবে বাড়ির পিছনের দিকে একটি বেরোনোর রাস্তা রয়েছে বলে দাবি তাঁর। সেই রাস্তা দিয়ে একটি মাজারে পৌঁছনো যায়। সেখানে প্রচুর মানুষের যাতায়াত থাকায় ভিড়ের মধ্যে সহজে মিশে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন কামরান।
শেয়ার
লিংক



