২০২৭-এ স্কুলে ভর্তি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কোন বয়সে কোন ক্লাসে পড়ার সুযোগ?

কলকাতা: সন্তানের বয়স ছয় বছর পূর্ণ না হলে প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ মিলবে না। ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির বয়সের মাপকাঠি নির্দিষ্ট করে দিল পশ্চিমবঙ্গের স্কুল…
কলকাতা: সন্তানের বয়স ছয় বছর পূর্ণ না হলে প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ মিলবে না। ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির বয়সের মাপকাঠি নির্দিষ্ট করে দিল পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দফতর। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে বয়সের নির্দিষ্ট নিয়ম মানতে হবে। রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৭ তারিখের নিরিখে পড়ুয়াদের বয়স হিসাব করা হবে। সেই বয়সের ভিত্তিতেই ঠিক হবে কোন শ্রেণিতে ভর্তি হতে পারবে শিশু। প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে পাঁচ বছর বা তার বেশি, তবে ছয়ের কম। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স ছয় বছর। বয়স হতে হবে সাত বছরের কম। দ্বিতীয় শ্রেণির জন্য সাত থেকে আট বছরের কম, তৃতীয় শ্রেণির জন্য আট থেকে নয় বছরের কম এবং চতুর্থ শ্রেণির জন্য নয় থেকে দশ বছরের কম বয়স নির্ধারণ করা হয়েছে।
একইভাবে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে দশ থেকে এগারো বছরের কম। ষষ্ঠ শ্রেণিতে এগারো থেকে বারো বছরের কম, সপ্তম শ্রেণিতে বারো থেকে তেরো বছরের কম এবং অষ্টম শ্রেণিতে তেরো থেকে চোদ্দো বছরের কম বয়স হতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে উপযুক্ত কারণ থাকলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা সর্বোচ্চ চার মাস পর্যন্ত বয়সের ছাড় দিতে পারবেন।
এই নিয়ম রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। এর আওতায় রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র (SSK) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (MSK)-ও। ফলে ইচ্ছেমতো বয়সের হিসাব করে সন্তানকে কোনও শ্রেণিতে ভর্তি করানোর সুযোগ থাকছে না।
শিক্ষার অধিকার আইন (RTE Act, 2009) অনুযায়ী, স্কুলে ভর্তির সময় কোনও শিশুর বা তার অভিভাবকের স্ক্রিনিং কিংবা বাছাই পরীক্ষা নেওয়া যাবে না। ছয় থেকে চোদ্দো বছর বয়সি প্রত্যেক শিশুকে বয়স অনুযায়ী কাছাকাছি স্কুলে বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই বয়সসীমা ১৮ বছর পর্যন্ত। ফলে ২০২৭ শিক্ষাবর্ষে সন্তানকে স্কুলে ভর্তির পরিকল্পনা থাকলে অভিভাবকদের জন্মের শংসাপত্র অনুযায়ী বয়সের হিসাব আগেই মিলিয়ে নেওয়া জরুরি।
তিন মাস অন্তর নয়, এবার প্রতি মাসেই বিদ্যুতের বিল! জানুয়ারি থেকে নতুন নিয়ম
ইংরেজিতেও আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের!



