0%

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত ভারতের একাধিক রাজ্যে

 

কাঠমান্ডু, ২৪ নভেম্বর : মঙ্গলবার সকালে নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর জেরে ভারত-সহ প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিনের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়।

 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ২৭.৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্রস্থল।

 

পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একাধিক এলাকায় এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে খবর। এর মধ্যে রয়েছে বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকা। হিমালয় সংলগ্ন অঞ্চল এবং নেপাল সীমান্তবর্তী এলাকাগুলিতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

 

তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও হতাহতের ঘটনা, আহত হওয়ার খবর কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির বিষয়ে আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

 

এদিকে, মঙ্গলবার ভোরে অসমের কার্বি আংলং জেলাতেও ২.৫ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এনসিএস জানিয়েছে, ভারতীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল।

 

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৫.৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কম্পনের জেরেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

 

স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানিয়েছেন, অল্প সময়ের জন্য মাটি কেঁপে উঠেছিল। তবে ভোরবেলা হওয়ায় অনেকেই প্রথমে বুঝতে পারেননি যে সেটি ভূমিকম্পের কম্পন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker