0%

‘কুলদীপ-মানবরা কোথায়?’, প্রথম টেস্ট ড্র হওয়ায় বোর্ডকে নিশানা সৌরভের 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ার পরেই ভারতের স্পিন বিভাগ নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর মতে, বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে দলে একজন বিশেষজ্ঞ স্পিনার থাকা জরুরি। বিশেষ করে ম্যাচ যত এগোয়, পিচ যত ব্যাটিং সহায়ক হয়ে ওঠে। তখনই প্রয়োজন হয় এমন স্পিনারের, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও উইকেট তুলে নিতে পারেন। অথচ ভারতের এমন কোনও স্পিনার ছিল না। সেই কারণেই বিসিসিআইয়ের সিদ্ধান্তকে একহাত নিলেন মহারাজ।

ভারতের ব্যাটিংয়ের প্রশংসা করলেও স্পিনার নিয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এক্সে সৌরভ লিখেছেন, ‘এই সিরিজে ভারত দুর্দান্ত খেলেছে। সাদা বলের ক্রিকেটের পর লাল বলেও ব্যাটিং দুর্দান্ত লেগেছে। কিন্তু বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে ওদের বুঝতে হবে, সময়ের সঙ্গে পিচ যত ব্যাটিং সহায়ক হয়ে ওঠে, ততই একজন বিশেষজ্ঞ স্পিনারের প্রয়োজন হয়।’ ওয়াশিংটন সুন্দরকে নিয়েও অবস্থান স্পষ্ট করেছেন সৌরভ। তাঁর মতে, সুন্দরকে অলরাউন্ডার হিসাবেই দেখা উচিত, দলের প্রধান স্পিনার হিসাবে নয়। পাশাপাশি কুলদীপ যাদব এবং মানব সুথারের না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সৌরভের কথায়, ‘ওয়াশিংটন অলরাউন্ডার হিসাবে খেলতে পারে। কিন্তু বিসিসিআই, কুলদীপ বা মানব কোথায়?’ এই মুহূর্তে অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদব। কেবল সৌরভ নন, এই চায়নাম্যান বোলারকে বারবার খেলানোর কথা বলেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীরা। মাঝে একবার মানব সুথারকে টেস্ট খেলানো হল। ভালো বোলিংও করেন। ওয়ানডে অক্ষর প্যাটেল ভালো খেলেছেন। অথচ তাঁদের টেস্ট সিরিজে দেখা যায়নি। এমনকী রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটারও সাজঘর থেকে খেলা দেখেছেন। এমন সিদ্ধান্ত কেন, তার কোনও ব্যাখ্যা নেই।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ৫৫ ওভার বোলিং করলেও ওয়াশিংটনের প্রাপ্তি মাত্র ১ উইকেট। এভাবে কি আদৌ টেস্ট জেতা যায়? একটা সময় অনিল কুম্বলে, হরভজন সিং, রবিচন্দ্রন অশ্বিনরা ২২ গজে দাপট দেখাতেন। কিন্তু এখন ভারতীয় টেস্ট দলে কোনও বিশেষজ্ঞ স্পিনারকে সুযোগ দেওয়া হচ্ছে না। ওয়েলিংটনে ড্রয়ের পর বিদেশের মাটিতে ২০ উইকেট নেওয়ার জন্য ভারতের স্পিন আক্রমণ কতটা তৈরি, সেই প্রশ্নও তুলে দিল। সেই কারণেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে কার্যত তোপ দেগেছেন সৌরভ।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker