0%

বিষক্রিয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই নতুন বিপত্তি! রেখা পাত্রের ফুসফুসে দেখা যাচ্ছে সমস্যা

SOBDIK NEWS: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিজেপি বিধায়ক রেখা পাত্রকে (Rekha Patra) ঘিরে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে। পরিবারের দাবি, তাঁর শরীরে প্রবেশ করেছে বিষাক্ত কীটনাশক। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে বসিরহাট এবং শেষ পর্যন্ত কলকাতায় নিয়ে আসতে হয়েছে তাঁকে। চিকিৎসাধীন অবস্থায় আপাতত নতুন করে শারীরিক অবনতি হয়নি ঠিকই, কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি। বরং পরীক্ষায় এমন কিছু শারীরিক জটিলতার ইঙ্গিত মিলেছে, যার কারণে চিকিৎসকদের বিশেষ সতর্ক থাকতে হচ্ছে।

কেমন আছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)?

হাসপাতাল সূত্রের খবর, অসুস্থ হওয়ার পর রেখার মুখে প্রচুর পরিমাণে লালারস জমেছিল। সেই সময় তার মুখের লালা শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে পৌঁছে যায়। চিকিৎসকদের আশঙ্কা, এর ফলে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হচ্ছে এবং শরীরে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছনোর ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সিটি স্ক্যানের পরীক্ষাতেও এই জটিলতার চিহ্ন পাওয়া গিয়েছে।

ফলে শুধু সম্ভাব্য বিষক্রিয়ার চিকিৎসাই নয়, শ্বাসপ্রশ্বাসের সমস্যার দিকেও বিশেষ নজর দিতে হচ্ছে চিকিৎসকদের। তবে সব শারীরিক মাপকাঠি একই রকম উদ্বেগজনক নয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, রেখার রক্তচাপ, ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা আপাতত স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে। কিন্তু রক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তায় ফেলছে। এই মাত্রা কমানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে। আপাতত তাঁর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় চিকিৎসা ও পর্যবেক্ষণ দুটোই চলছে।

আরও পড়ুন : ‘পরিকল্পিতভাবে ভুল হিসেব করে ৫৮-৭০% টাকা কম দিচ্ছে ..,’ বকেয়া DA নিয়ে বিস্ফোরক অভিযোগ

প্রসঙ্গত, শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। রাত প্রায় ৯টা নাগাদ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসা চললেও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত আরও উন্নত চিকিৎসার প্রয়োজন বুঝে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

বসিরহাট হাসপাতালের তৈরি রেফারেল কার্ডে রোগীর পরিজনদের দেওয়া তথ্যও উল্লেখ করা হয়েছে। সেখানে পরিবারের দাবি, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ প্রবেশ করেছিল। রেফারেল কার্ডে আরও উল্লেখ রয়েছে, হাসপাতালে আনার সময় তিনি অত্যন্ত ঝিমিয়ে পড়েছিলেন। চিকিৎসকেরা বুকে চাপ প্রয়োগ করে তাঁকে সচেতন করার চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় দ্রুত কলকাতায় পাঠানো হয় তাঁকে। রেখার পরিবারের তরফে বিষাক্ত কীটনাশক শরীরে প্রবেশের কথা জানানো হলেও স্বাস্থ্য দফতর এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

নমুনা পরীক্ষার ফল হাতে না আসা পর্যন্ত ঠিক কী কারণে বিধায়কের এই শারীরিক বিপর্যয়, তা স্পষ্ট নয়। আপাতত রেখা পাত্রের চিকিৎসার প্রতিটি পর্যায়ের দিকে নজর রয়েছে হাসপাতাল ও রাজনৈতিক মহলের। উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আন্দোলনের সময় রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছিল রেখা পাত্রের। সেই আন্দোলনের পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। তবে নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker