0%

‘থালা’ ধোনির সঙ্গে দেখা ‘থালাইভা’ রজনীকান্তের, কাব্য-অনিরুদ্ধর প্রীতিভোজে তারকাদের চাঁদের হাট

দিনকয়েক আগেই সাতপাকে বাঁধা পড়েছেন সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। রবিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে প্রীতিভোজ (Anirudh-Kavya Maran Wedding Reception)। আর সেখানে চাঁদের হাট। একদিকে সানরাইজার্সের সঙ্গে যুক্ত ক্রিকেটাররা, অন্যদিকে রুপোলি জগতের তারকারা। সাদা পোশাকে ‘টুইনিং’য়ে সেজেছিলেন কাব্য ও অনিরুদ্ধ। তবে তাঁদের সঙ্গেই নজর কেড়েছেন আরও দু’জন। একজন ‘থালা’ মহেন্দ্র সিং ধোনি, আরেকজন ‘থালাইভা’ রজনীকান্ত।

১১ নভেম্বর গ্রিসে বিয়ের অনুষ্ঠান ছিল। যথেষ্ট গোপনীয়তার মধ্যেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে চেন্নাইয়ে প্রীতিভোজে ছিল তারকার ছড়াছড়ি। কাব্যর পরনে ছিল সাদা গাউন। গলায় ঝলমলে হিরের চোকার। আর অনিরুদ্ধ পরেছিলেন সাদা ব্লেজার, যার ভিতরে ডিপ ভি নেক কালো শার্ট। অতিথিদের মধ্যে ছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্ধানা, বিজয় দেবেরাকোন্ডা, নয়নতারা, মহেশ বাবু, পরিচালক অ্যাটলি, লোকেশ কাঙ্গারাজ ও শঙ্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়।

ক্রিকেটারদের মধ্যেও তারকার সংখ্যা কম ছিল না। ভুবনেশ্বর কুমার, কেন উইলিয়ামস, ডেল স্টেইন থেকে মুথাইয়া মুরলীধরনরা ছিলেন। এঁরা প্রত্যেকেই কোনও না কোনও সময় সানরাইজার্সের সঙ্গে যুক্ত ছিলেন। তবে সব থেকে বেশি চর্চায় দু’জন। ‘থালা’ ও ‘থালাইভা’। দু’জনেই তামিলনাড়ুর জনতার কাছে অত্যন্ত জনপ্রিয়। সঙ্গে তাঁদের স্ত্রীরাও উপস্থিত ছিলেন। অনিরুদ্ধে আবার ধোনির দল চেন্নাই সুপার কিংসের অন্ধভক্ত। যে দল কি না আবার কাব্যর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্সের ‘শত্রু’। অবশ্য আরেকজনকেও ‘থালা’ বলে ডাকা হয়। তিনি হলেন তামিল অভিনেতা অজিত কুমার। তিনিও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়া ছিলেন আরেক সুপারস্টার কমল হাসান।

বিয়ে উপলক্ষে ‘সান’ কোম্পানির কর্মচারীদের উপহার দিয়েছেন কাব্য। কী ছিল সেখানে? ভাইরাল ভিডিওয় দেখা যায়, কর্মচারীদের সোনার আংটি, চকোলেট উপহার দিয়েছেন ‘সান’ গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারানের কন্যা। উল্লেখ্য, কাব্য-অনিরুদ্ধর প্রেমকাহিনি নিয়ে চর্চা নতুন কিছু নয়। আসলে সানরাইজার্সের সুন্দরী মালকিন কাব্যর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। স্টেডিয়ামে কমলা জার্সিতে দলকে সমর্থন জানিয়ে দ্যুতি ছড়ান। অন্যদিকে অনিরুদ্ধ ‘জেলার’, ‘লিও’ বা ‘কুলি’র মতো বিখ্যাত তামিল সিনেমায় সুর দিয়েছেন। পাশাপাশি হিন্দিতে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার সুরকার হিসেবে প্যান ইন্ডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker