0%

লিবিয়ায় ভরাডুবি রুশ যুদ্ধজাহাজের, ‘আগ্রাসনের জবাব’ রণহুঙ্কার জেলেনস্কির

লিবিয়ার বেনগাজি বন্দরে সলিল সমাধি হয়েছে রাশিয়ার অত্যাধুনিক মিসাইল কর্ভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’র। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, হামলার নেপথ্যে রয়েছে ইউক্রেন। এবার সেই খবরে সিলমোহর দিলেন খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানাচ্ছেন, এটা রাশিয়ার আগ্রাসনের জবাব।

এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘রুশ হামলার জবাবে এটা ইউক্রেনের দৃষ্টান্তমূলক অভিযান। আমি ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সেই সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই, যাঁরা এই মিশনে অংশ নিয়েছেন।’ সেই সঙ্গেই তিনি তিনি আরও যোগ করেন, ‘আমরা নির্দিষ্ট জলসীমায় আমাদের অভিযান অব্যাহত রেখেছি। রুশ আগ্রাসনের জবাব দিচ্ছি। আমরা ইউক্রেনীয় অস্ত্রও তৈরি করছি।’

লিবিয়া প্রশাসনের তরফে জানানো হয়েছে, কৃষ্ণসাগরে নিষেধাজ্ঞা থাকায় মেরকুরি নামের ওই জাহাজ ভূমধ্যসাগর হয়ে যাচ্ছিল। সম্প্রতি বেনগাজি বন্দরে ভিড়েছিল জাহাজটি। রাশিয়া-ঘনিষ্ঠ জেনারেল খলিফা হাফতারের বাহিনী এই বন্দরের নিয়ন্ত্রণে। সিরিয়ার ঘাঁটি থেকে রুশ বাহিনীকে সরানোর পর এই বন্দর ব্যবহার করেই আফ্রিকায় সেনা পাঠায় রাশিয়া। রবিবার ভোরে এই বন্দরেই দু’টি ড্রোন মেরকুরি জাহাজে হামলা চালায়। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ডুবে যায় জাহাজটি।

উল্লেখ্য, প্রায় ৫ বছর হতে চলল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ (Russia-Ukraine War)। সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের এই যুদ্ধ ক্রমশ ভয়াল আকার নিচ্ছে। যুদ্ধ থামাতে আমেরিকা দফায় দফায় তৎপর হলেও শান্তির কোনও দিশা দেখা যায়নি। বরং ইউক্রেন-রাশিয়ার চৌহদ্দি ছাড়িয়ে এবার তা ছড়িয়ে পড়ল হাজার হাজার কিলোমিটার দূরেও।

বলে রাখা ভালো, গত বৃহস্পতিবার গোটা বিশ্বের চোখ ছিল চিনের মাটিতে হওয়া ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তালাপ চালান শান্তি ফেরানো নিয়ে। যাকে ঘিরে অনেকেরই আশা ছিল এবার থামবে যুদ্ধের দামামা। কিন্তু বৈঠকের পরদিনই ইউক্রেনে ভয়ংকর হামলা চালায় রাশিয়া! মুহূর্তেই শান্তির আশাও ভস্মীভূত হয়ে যায়। এবার সেই যুদ্ধের আগুন ছড়াল আরও দূরে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker