‘জন্মই হয়েছে ইডেনে খেলার জন্য’, ঝলমলে ইনিংসের পর আবেগঘন কেকেআর তারকা

কলকাতাকে নিজের দ্বিতীয় ঘর হিসাবে দেখেন অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। আর ইডেন গার্ডেন্স তাঁর কাছে নিজের মাঠ। যার সঙ্গে যেন জন্মান্তরের সম্পর্ক রয়েছে মুম্বই ব্যাটারের। আর সেখানে নেমেই দুরন্ত ইনিংসে দলকে ম্যাচ জেতালেন অঙ্গকৃষ। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে।
নিম্নচাপের মেঘ কাটিয়ে ফের ঝলমলে রোদে সেজেছে কলকাতা। ব্যাট হাতে অঙ্গকৃষ খেললেন তেমনই ঝকঝকে একটা ইনিংস। প্রথমে ব্যাট করে ১৫৯ রানে গুটিয়ে যায় ছত্তিশগড়। কিশোর অধিনায়ক বিকল্প তিওয়ারি (৪৩) ছাড়া বলার মতো রান করেননি তাদের কেউই। তিনটে উইকেট পেলেন শিবম দুবে। জবাবে সাত বল বাকি থাকতেই ১৬২-১ রান তুলে ম্যাচ জিতল মুম্বই। সৌজন্যে অঙ্গকৃষের অপরাজিত ৮৪ রান। ৬৩ বলের ইনিংস সাজানো ছিল আটটি চার এবং তিন ছক্কায়। প্রথমে হার্দিক তামোরে (৪২) এবং পরে মুশির খানকে (২৯ ন.আ.) সঙ্গী করে মুম্বইকে জেতালেন অঙ্গকৃষ, কলকাতা নাইট রাইডার্সের সুবাদে ইডেন যার ‘ঘর’।
ম্যাচ শেষে সেকথাই শোনালেন অঙ্গকৃষ। “আমি হয়তো কেকেআরে তিন-চার বছর আছি। তবে ইডেনের সঙ্গে আত্মিক যোগ অনুভব করি। মনে হয়, আমার জন্মই হয়েছে এই মাঠে খেলার জন্য। যেন ছোটোবেলা থেকে এখানে খেলছি। ফলে যখন আসার সুযোগ পাই, খুব ভালো লাগে”, বলে গেলেন এই তরুণ নাইট। গত কয়েক বছর ধরে ওপেনিং নিয়ে সমস্যায় ভুগছে কেকেআর। সেখানে জাতীয় টি-টোয়েন্টিতে মুম্বইয়ের হয়ে নিয়মিত ওপেন করছেন অঙ্গকৃষ। তবে কি এবার নাইট জার্সিতে নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে? অঙ্গকৃষের জবাব, “আমি সবসময় একটা কথাই বলি। টিমের যাতে লাভ হবে, কোচ-ক্যাপ্টেন যেভাবে চাইছেন, আমি সেভাবে খেলতে তৈরি।” ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি তিনটে গুরুত্বপূর্ণ ক্যাচও ধরেছেন তিনি।
কলকাতায় অন্য ম্যাচে গুজরাটকে (১২৮-৭) পাঁচ উইকেটে হারাল বিদর্ভ (১৩১-৫)। সল্টলেকে যাদবপুর ক্যাম্পাসে এই ম্যাচ হয় ১৩ ওভারের। মুম্বই ও বিদর্ভ-দু’দলেরই পয়েন্ট ১৮। তবে রান রেটে এগিয়ে সূর্যকুমার যাদবের দল। এদিন প্রতিযোগিতায় ঘটল বেশ কয়েকটা অঘটনও। চণ্ডীগড়ের বিরুদ্ধে মাত্র ৯৫ রানে গুটিয়ে গেল কর্নাটক। ১৩.৫ ওভারে ৯৬-৩ রান তুলে ম্যাচ জেতে চণ্ডীগড়। অন্যদিকে, পাঞ্জাবকে (১৯৫-৩) ৫ উইকেটে হারাল জম্মু-কাশ্মীর (১৯৮-৫)। রেলওয়েজের (১৮২-৫) কাছে ২৯ রানে হারল সৌরাষ্ট্র (১৫৩-৮)।
শেয়ার
লিংক



