চার্চিল বধ করেও খুশি নন দিলেমপেরিস! ডার্বির আগে কী বলছেন মোহনবাগানের গ্রিক কোচ?

টানা পাঁচ ম্যাচে জয় করার পর ডার্বিতে নামছে মোহনবাগান। সেখানে ইস্টবেঙ্গল গত ম্যাচে এসসি দিল্লির কাছে ঘরের মাঠে আটকে যাওয়ার পর মঙ্গলবার এসিএল টু-এর গ্রুপ স্টেজ ম্যাচে আল হুসেনের বিরুদ্ধে নামছে। এই ম্যাচের ফলও যদি আশানুরূপ হয়, তা হলেও ডার্বির আগে মানসিকভাবেই কিছুটা এগিয়ে থাকবে মোহনবাগান।
যদিও চার্চিল ম্যাচে তিন পয়েন্ট এলেও দলের খেলায় খুশি হতে পারেননি মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। তিনি মনে করেন চার্চিলের ম্যাচে প্রথমার্ধের ৩৫ মিনিট পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী চললেও ফুটবলারদের ছোট ছোট ভুলে চাপ বেড়ে গিয়েছিল। ম্যাচের শেষে মোহনবাগান কোচ বলছিলেন, “পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আমরা ভালোই খেলছিলাম। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলাম। কিন্তু হঠাৎ করে মনোসংযোগ হারিয়ে ফেলি। এর মধ্যে কিছু ছোট ছোট ভুল ছিল। এই ভুলগুলো শুধরে ফেলতে হবে। তবে শেষ পর্যন্ত তিন পয়েন্ট এসেছে। সামনে ডার্বি। ডার্বি জিততে হবে। বিশেষ করে মোহনবাগানের মতো দলের ফুটবলারদের ওপর যা চাপ থাকে তাই বলতে পারি চ্যাম্পিয়ন হওয়া মোটেও সহজ কাজ নয়।”

লিগ টেবিলের শীর্যে থেকেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম লেগের ডার্বি খেলতে নামবেন মনবীর সিংরা। চার্চিল ম্যাচ জিতে মোহনবাগান কোচ দিলেমপেরিস আরও যোগ করেন, “দিনের শেষে তিন পয়েন্ট পেয়ে লিগ তালিকার শীর্ষে আছি এটা ভালো দিক। তবে পরের ম্যাচে নামার আগে আমাদের বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে।”
রবিবার আলবার্তো রডরিগেজকে অতিরিক্ত ঝুঁকি নিয়ে রবিবার প্রথম একাদশে রাখেননি দিলেমপেরিস। চার ভারতীয় ডিফেন্ডার অভিষেক সিং, রাহুল ভেকে, মেহতাব সিং ও শুভাশিস বসুর উপর ভরসা করেই প্রথম একাদশ সাজিয়েছিলেন। শুরুটা ভালোই করেছিলেন এই চার ভারতীয় ডিফেন্ডার। কিন্তু পেনাল্টি থেকে গুটিরেজ গোল করে যাওয়ার পর চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান রক্ষণ। এই প্রবল চাপের মধ্যে সংযুক্তি সময়ে আলবার্তোকে নামিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন মোহনবাগানের গ্রিক কোচ। আলবার্তোকে প্রথম একাদশে না রাখাটাও পরিকল্পনার অংশ বলেই জানিয়েছেন তিনি।
শেয়ার
লিংক



