২৬ হাজার চাকরিহারার জন্য সুখবর! জানুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: রাজ্যের কর্মসংস্থান নিয়ে এবার বড়সড় পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী দিনে সরকারি বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা স্থির করেছে রাজ্য সরকার। শুধু নতুন পদে নিয়োগ নয়, আইনি জটিলতায় কর্মহীন হয়ে পড়া ২৬ হাজার চাকরিপ্রার্থীর বিষয়টিও দ্রুত মেটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কী বলছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?
নিয়োগের ক্ষেত্রে একাধিক সরকারি সংস্থাকে কাজে লাগানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং স্বাস্থ্য দফতরের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে। পাশাপাশি পুলিশ বাহিনী ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে মোট ৯,২০০টি পদ পূরণের পরিকল্পনা রয়েছে। অ্যান্টি নারকোটিক বিভাগে আরও ৪৮ জনকে নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাইবার অপরাধ মোকাবিলা এবং পর্যটন ক্ষেত্রেও নতুন কর্মী যুক্ত করার কথা জানিয়েছেন তিনি। কিছু পদে স্থায়ী নিয়োগের পরিবর্তে চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়া হতে পারে।
রাজ্যজুড়ে সরকারি চাকরির সুযোগ বাড়ানোর লক্ষ্যেই এগোতে চাইছে সরকার। এই পরিকল্পনার পরিধি বোঝাতে মুখ্যমন্ত্রী বলেন, ”পিএসসি-র মাধ্যমে নিয়োগ করা হবে। পাশাপাশি পিআরবি, স্বাস্থ্য দফতরেও নিয়োগের প্রক্রিয়া চলছে। আরও কিছু পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পুলিশ ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর) মিলিয়ে ৯২০০টি পদে, অ্যান্টি নারকোটিক বিভাগে ৪৮টি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়াও সাইবার ও পর্যটন বিভাগেও নিয়োগ করা হবে। আমাদের টার্গেট আছে ১ লক্ষ নিয়োগ হবে।”
আরও পড়ুন : নেপালের ভূমিকম্পে উত্তরবঙ্গে জোড়া ঝাঁকুনি, কাঁপল শিলিগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা
অন্যদিকে, ২৬ হাজার চাকরিহারার ভবিষ্যৎ নিয়েও সময় বেঁধে কাজ এগোনোর আশ্বাস দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, একসঙ্গে নয়, কয়েকটি পর্যায়ে তাঁদের নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। জানুয়ারি মাসের মধ্যেই সেই কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তাঁর মন্তব্য, ”২৬ হাজার এর যে চাকরি গিয়েছে, আমরা চেষ্টা করছি জানুয়ারি মাসের মধ্যে দফায় দফায় কম্প্লিট করতে পারব”। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এখন থেকে রাজ্য সরকারের অধীনে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করতে প্রার্থীদের কোনও অর্থ জমা দিতে হবে না।



