0%

ইচ্ছেমতো ক্লাসে ভর্তি করানো যাবে না সন্তানকে! বয়স বেঁধে দিল শিক্ষা দপ্তর, প্রকাশ্যে সম্পূর্ণ তালিকা

SOBDIK NEWS: সন্তানের স্কুলে ভর্তি নিয়ে বদল আনতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর (School Education Department)। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তর ২০২৭ সালের ভর্তি প্রক্রিয়ার জন্য নতুন বয়সভিত্তিক নিয়ম প্রকাশ করেছে। শুধু প্রথম শ্রেণি নয়, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিটি স্তরে প্রবেশের জন্য আলাদা বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের পাশাপাশি শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলিকেও এই নির্দেশ মেনে চলতে হবে।

স্কুলে ভর্তি নয়া নিয়ম প্রকাশ স্কুল শিক্ষা দপ্তরের (School Education Department)

নতুন নিয়মে ছয় বছর পূর্ণ না হলে কোনও শিশুকে সাধারণভাবে প্রথম শ্রেণিতে ভর্তি করানো যাবে না। এতদিন বয়স নিয়ে বিভিন্ন স্কুলে যে ধরনের ভিন্নতা দেখা যেত, তা দূর করতেই শ্রেণিভিত্তিক বয়সের মাপকাঠি স্পষ্ট করে দিয়েছে শিক্ষা দপ্তর। ২০২৭ সালের ১ জানুয়ারিকে ভিত্তি ধরে প্রত্যেক পড়ুয়ার বয়স গণনা করা হবে।

নির্দেশিকা অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরে প্রবেশের জন্য শিশুর বয়স পাঁচ বছর পূর্ণ হওয়া প্রয়োজন। তবে ছয় বছর পূর্ণ হয়ে গেলে এই শ্রেণিতে আর ভর্তি নেওয়া যাবে না। প্রথম শ্রেণিতে পড়ার জন্য বয়স হতে হবে ছয় থেকে সাত বছরের মধ্যে। দ্বিতীয় শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সাত বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। একইভাবে তৃতীয় শ্রেণির জন্য আট বছর, চতুর্থ শ্রেণির জন্য নয় বছর এবং পঞ্চম শ্রেণির জন্য দশ বছর বয়স প্রয়োজন।উচ্চতর শ্রেণিগুলির ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় পড়ুয়ার বয়স ১১ বছর পূর্ণ হতে হবে। সপ্তম শ্রেণির জন্য প্রয়োজন ১২ বছর এবং অষ্টম শ্রেণিতে প্রবেশের ক্ষেত্রে ১৩ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। তবে বয়সের নিয়ম প্রয়োগের ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির জন্য সামান্য নমনীয়তা রাখা হয়েছে। উপযুক্ত কারণ থাকলে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা সর্বোচ্চ চার মাস পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দিতে পারবেন।

আরও পড়ুন : বিমা ছাড়াই পাওয়া যাবে ক্ষতিপূরণ! চাষিদের সুবিধার্থে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিশুদের স্কুলে প্রবেশের সময় তাদের মেধা যাচাইয়ের নামে পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়ার সুযোগ নেই স্কুল কর্তৃপক্ষের। শিক্ষার অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, ভর্তি প্রক্রিয়ায় পড়ুয়া কিংবা তার বাবা-মায়ের কোনও ধরনের স্ক্রিনিং করা নিষিদ্ধ। ছয় থেকে ১৪ বছর বয়সি শিশুদের বয়সের উপযুক্ত শ্রেণিতে কাছাকাছি স্কুলে বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে এই সুযোগের পরিধি ১৮ বছর বয়স পর্যন্ত বিস্তৃত।

কোনও শ্রেণিতে যতগুলি আসন রয়েছে, তার চেয়ে বেশি আবেদন জমা পড়লে স্কুল কর্তৃপক্ষ ইচ্ছেমতো পড়ুয়া নির্বাচন করতে পারবে না। সেক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নির্বাচিত হতে না পারলে অভিভাবকদের জন্য প্রশাসনিক স্তরে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলার প্রাথমিক অথবা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বা DI-এর কাছে আবেদন জানানো যাবে। এরপর স্কুল পরিদর্শকদের দায়িত্ব থাকবে ওই পড়ুয়ার জন্য কাছাকাছি কোনও বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা। সাধারণত জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়। তাই ডিসেম্বর থেকেই অভিভাবকদের স্কুলের নোটিস এবং ভর্তি সংক্রান্ত ঘোষণার দিকে নজর রাখতে হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker