ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

নিজস্ব প্রতিনিধি : কড়া ডায়েট এবং নিয়মিত শরীরচর্চা করে কাঙ্ক্ষিত ওজনে পৌঁছানোর কয়েক মাস পরই কি আবার ওজন বাড়তে শুরু করেছে? ওজন ঝরানোর পর খিদে বেড়ে যাওয়া অনেকের ক্ষেত্রেই একটি বড় সমস্যা। চিকিৎসকদের মতে, অনেকেই দ্রুত ওজন কমানোর জন্য পরিচিত খাবার তালিকা থেকে একাধিক খাবার বাদ দেন।এতে সাময়িকভাবে ওজন কমলেও তা দীর্ঘস্থায়ী হয় না। এর ফলে শরীরে লেপটিন হরমোনের মাত্রা কমে যায় এবং খিদে বাড়ানোর হরমোন ঘ্রেলিন বেড়ে যায়। ফলে আগের তুলনায় অনেক বেশি খিদে পায়। পাশাপাশি, পর্যাপ্ত প্রোটিন না খেয়ে অতিরিক্ত ক্যালোরি কমালে শরীরের পেশি ক্ষয় হতে শুরু করে, যা শরীরের শক্তি খরচের ক্ষমতা বা মেটাবলিজমকে প্রভাবিত করে।
ওজন ধরে রাখার ৪টি কার্যকর অভ্যাস
চিকিৎসকের মতে, নির্দিষ্ট ওজনে পৌঁছে যাওয়া মানেই ডায়েট শেষ হয়ে যাওয়া নয়। পুরনো খাদ্যাভ্যাসে ফিরে গেলে ওজন আবার বাড়তে বাধ্য। ওজন স্থিতিশীল রাখতে তিনি ৪টি অভ্যাসের পরামর্শ দিয়েছেন:
খাবার হতে হবে তৃপ্তিদায়ক
খাবারের পরিমাণের দিকে নজর দিন। পাতে পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি, ফল এবং ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন, যাতে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। এছাড়া প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস বজায় রাখুন।
নিয়মিত শরীরচর্চা ও স্ট্রেংথ ট্রেনিং
শুধুমাত্র হাঁটা বা অ্যারোবিক ব্যায়ামের ওপর নির্ভর না করে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন স্ট্রেংথ ট্রেনিং করুন। এটি শরীরের পেশি ধরে রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
ওজনের গতিবিধির দিকে নজর রাখা
সপ্তাহে অন্তত একবার নিজের ওজন মাপুন। যদি দেখেন ওজন সামান্য বাড়তে শুরু করেছে, তবে সঙ্গে সঙ্গে খাবারের পরিমাণ এবং দৈনন্দিন শারীরিক সক্রিয়তার মাত্রা পর্যালোচনা করুন।
উৎসব বা ছুটির পর দ্রুত রুটিনে ফেরা
কোনো উৎসব, পার্টি বা ছুটিতে বেশি খাওয়া-দাওয়া হয়ে গেলে পরের বেলা থেকেই আবার স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসুন। আগের দিনের অতিরিক্ত খাওয়ার ক্ষতিপূরণ দিতে পরদিন উপোস বা না খেয়ে থাকার প্রবণতা এড়িয়ে চলুন।



