প্রার্থী হতে রাজি হননি বাইচুং-বিজয়নরা, ফেডারেশনের বিশেষ দায়িত্বে নির্বাচিত ব্রুনো-আনচেরিরা

ফেডারেশনের ‘স্পোর্টস পার্সন অফ আউটস্ট্যান্ডিং মেরিটের’ (এসওএম) চারটি আসনের নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন পাঁচজন মহিলা ও চারজন পুরুষ প্রাক্তন ফুটবলার। সেই প্রার্থীদের মধ্য থেকে পুরুষদের মধ্যে ব্রুনো কুটিনহো ও জো পল আনচেরি এবং মেয়েদের মধ্যে থেকে বেন্টেলা ডি’কথ এবং ওনাম বেমবেম দেবীকে বেছে নিয়েছেন চল্লিশজন ভোটার। নির্বাচিত চার প্রাক্তন ফুটবলার আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ফেডারেশনের কার্যকরী কমিটির নির্বাচনে ভোট দেবেন।
এই চল্লিশজন ভোটার সবাই দেশের প্রাক্তন ফুটবলার। এঁদের মধ্যে বাইচুং ভুটিয়া ও আইএম বিজয়নের মতো প্রাক্তন তারকারাও রয়েছেন। দুই প্রাক্তনই এবার কার্যকরী কমিটিতে আসতে চাননি। অতীতে ফেডারেশনের কার্যকরী কমিটিতে থাকা বাইচুং, বিজয়ন মনে করেছেন বারবার কমিটিতে না থেকে অন্যদের সুযোগ দেওয়া উচিত। সেই কারণেই এই দুই প্রাক্তন ভোটার হিসাবে থাকলেও ‘এসওএম’ নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেননি। কার্যকরী কমিটিতে না থাকলেও ভারতীয় ফুটবলের যে কোনও সমস্যা তাঁদের পাওয়া যাবে বলে দুই তারকাই জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।
এই চারজন ছাড়াও বাকি যে পাঁচজন মনোনয়ন জমা দিয়েছিলেন তাঁরা হলেন, ইউ শারফ আলি, মুস্তাক আলি, শুক্লা দত্ত, কল্পনা দাস, শ্রদ্ধাঞ্জলি সামন্তরায়। এঁদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি সামন্তরায় ও শারফ আলি নাম প্রত্যাহার করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের এই আবেদন শেষ পর্যন্ত খারিজ করে দিয়েছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক রাজীব শর্মা। এঁদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি প্রাক্তন জাতীয় অধিনায়ক। শারফ আলি ছিলেন কেরালা স্টেট স্পোর্টস কাউন্সিলের সভাপতি।
শেয়ার
লিংক



