0%

অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত! কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশি ভিসা কেন্দ্র

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যেই ভিসা পরিষেবা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হল পশ্চিমবঙ্গে। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বর্তমান বাংলাদেশ ভিসা…

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যেই ভিসা পরিষেবা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হল পশ্চিমবঙ্গে। আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির বর্তমান বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র দু’টির কাজ বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের তরফে জানানো হয়েছে, এই দুই কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩০ নভেম্বর। নতুন করে সেই চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ফলে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই দুই কেন্দ্র থেকে ভিসার আবেদন জমা নেওয়া হবে না।

গত ১৭ নভেম্বর কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, DU Digital Global Limited-এর সঙ্গে বাংলাদেশের সরকারের ভিসা পরিষেবা সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ৩০ নভেম্বরের পর সংস্থাটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্রগুলি আর কাজ করবে না। তাই ১ ডিসেম্বর থেকে ওই দুই জায়গায় আবেদন জমা না দেওয়ার জন্য আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন ভিসা আবেদন কেন্দ্র কোথায় চালু হবে এবং কোন সংস্থা সেগুলি পরিচালনা করবে, তা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে জানিয়েছে ডেপুটি হাই কমিশন। অর্থাৎ, আপাতত পুরনো কেন্দ্রগুলির পরিষেবা বন্ধ হলেও বাংলাদেশে যাওয়ার ভিসা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, এমন কথা বিজ্ঞপ্তিতে বলা হয়নি। নতুন ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা না আসা পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে।

এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন বাংলাদেশে যাতায়াতের জন্য কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্রের উপর নির্ভরশীল বহু মানুষ। পশ্চিমবঙ্গের বহু পরিবারের আত্মীয়স্বজন ও পূর্বপুরুষের ভিটে রয়েছে বাংলাদেশে। চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাঁরা নিয়মিত প্রতিবেশী দেশে যান, তাঁদের আপাতত নতুন করে পরিকল্পনা করতে হতে পারে।

উল্লেখ্য, কলকাতার সল্টলেকে ২০২১ সালে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছিল। শিলিগুড়ির সেবক রোডের কেন্দ্রটি কাজ শুরু করে ২০২২ সালে।

এদিকে শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণার পর সে দেশের কয়েকটি সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি। তবে ভিসা কেন্দ্র পরিচালনার চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সরাসরি যোগ রয়েছে, এমন কোনও তথ্য প্রকাশিত হয়নি।

ভেন্টিলেশন থেকে বের করা হল রেখা পাত্রকে, এখন কেমন আছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক?

২০২৭-এ স্কুলে ভর্তি নিয়ে বড় ঘোষণা রাজ্যের, কোন বয়সে কোন ক্লাসে পড়ার সুযোগ?

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker