প্রশ্নই নেই! গিলের দাবি খারিজ জয় শাহর আইসিসির, বদলাচ্ছে না খেলার নিয়ম

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে না পেরে ঘুরিয়ে ক্রিকেটের নিয়মকেই কাঠগড়ায় তুলেছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। বলে দিয়েছিলেন, করোনাকালে বলে লালা ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। কিন্তু ভারত অধিনায়কের সেই দাবি যে পূরণ হবে না, সেটা স্পষ্ট করে দিল আইসিসি। জয় শাহদের সংস্থা সাফ জানিয়ে দিল, আইসিসি স্যালাইভার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ভাবছেই না।
আসলে ওয়েলিংটনের নিষ্প্রাণ পিচে পঞ্চম দিনে মোটে ৩ উইকেট তুলেছিল ভারত। শেষ দিকে পিচ থেকে কোনও সাহায্য পায়নি কোনও দল। টেস্ট কার্যত উত্তেজনাহীনভাবে ড্র হয়েছে। গিল মনে করেন বোলারদের কথা ভেবে লালা লাগানোর নিয়ম ফেরানো উচিত। তাতে অন্তত কিছুটা সাহায্য পাবেন বোলাররা। ভারত অধিনায়ক বলে দেন, “আমি মনে করি, খেলোয়াড় ও দলগুলোকে লালা ব্যবহারের অনুমতি দেওয়া উচিত। কোভিডের সময় এই নিয়ম চালু করা হয়েছিল। আমার মনে হয়, সেই সময় আমরা অনেক আগেই পেরিয়ে এসেছি। ২৫-৩০ ওভার পর বল নরম হয়ে গেলে থুতু ব্যবহার করা না গেলে কাজ কঠিন হয়ে যায়।”
আসলে কোভিড-কালে ক্রিকেটীয় নিয়মে বেশ কিছু বদল হয়েছিল আইসিসির নির্দেশে। সবচেয়ে উল্লেখযোগ্য ছিল, বলের উপর লালার ব্যবহার নিষিদ্ধ করা। ফলে সমস্যায় পড়েছেন পেসাররা। লালা ব্যবহার নিষিদ্ধ হওয়ার জন্য ক্রিকেট থেকে বিলুপ্ত হতে বসছে রিভার্স সুইং শিল্প। ২০২২ সালে স্থায়ীভাবে বলে লালার ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। ভারত অধিনায়ক সেই লালার ব্যবহার ফেরাতে চাইছেন।
কিন্তু আইসিসি বলছে, সে সম্ভাবনাই নেই। আইসিসির এক আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টু-ডেকে জানিয়ে দিয়েছেন, আইসিসি নিজেদের সিদ্ধান্ত বদলাবে না। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেটারদের স্বাস্থ্য ও স্বচ্ছতা বজায় রাখতে এই নিয়ম চালু করেছে। তাই এই নিয়ম বদলানো যাবে না। আইসিসি স্পষ্ট করে দিয়েছে, নিয়ম বদলের প্রশ্ন নেই।
শেয়ার
লিংক



