0%

অন্ধ মহিলা ক্রিকেটে ভারত-নেপাল টি-২০ সিরিজের আসর বসছে গুরুগ্রামে

 

 

গুরুগ্রাম, ২৪ নভেম্বর : বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় মহিলা অন্ধ ক্রিকেট দলের সঙ্গে নেপালের পাঁচ ম্যাচের টি-২০ দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে গুরুগ্রামে। আগামী ২ থেকে ৮ ডিসেম্বর দ্য বল পার্ক ক্রিকেট গ্রাউন্ডে এই সিরিজের ম্যাচগুলি হবে।

 

ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (ক্যাবি), সমর্থনম ট্রাস্ট ফর দ্য ডিজেবল এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) অংশীদার আইআইএফএল হোম ফাইন্যান্স লিমিটেডের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার গুরুগ্রামে এক সাংবাদিক সম্মেলনে সিরিজের ঘোষণা করা হয়।

 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা অন্ধ ক্রিকেট দলের অধিনায়ক দীপিকা টি সি, ক্যাবির চেয়ারম্যান ড. মহান্তেশ জি কিভাদাসন্নভার, আইআইএফএল হোম ফাইন্যান্স লিমিটেডের নেতৃত্বস্থানীয় প্রতিনিধিরা এবং ভারতীয় দলের সব খেলোয়াড়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভারতীয় মহিলা দলের নতুন জার্সির আনুষ্ঠানিক উদ্বোধন।

 

ক্যাবির চেয়ারম্যান ড. মহান্তেশ জি কিভাদাসন্নভার বলেন, বিশ্বচ্যাম্পিয়ন মহিলা দলকে নিয়ে তাঁরা গর্বিত। দৃষ্টিপ্রতিবন্ধী মহিলাদের কাছে এই দল অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। নেপালের বিরুদ্ধে এই দ্বিপাক্ষিক সিরিজ খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার অভিজ্ঞতা দেবে এবং ভারতে মহিলা অন্ধ ক্রিকেটকে আরও শক্তিশালী করবে।

 

আইআইএফএল হোম ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গিরিশ কৌসি বলেন, ভারতের বিশ্বচ্যাম্পিয়ন মহিলা অন্ধ ক্রিকেট দল প্রতিভা, দৃঢ়সংকল্প এবং উপযুক্ত সুযোগের মাধ্যমে কী অর্জন করা সম্ভব, তার উজ্জ্বল উদাহরণ। তিনি দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই সিরিজ ক্রীড়াসুলভ মনোভাব, সাহস ও অধ্যবসায়ের উদযাপন হয়ে উঠবে। খেলাধুলার মাধ্যমে অন্তর্ভুক্তি, নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নের সুযোগ তৈরিতে তাঁদের সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ।

 

উল্লেখ্য, প্রথম মহিলা টি-২০ অন্ধ ক্রিকেট বিশ্বকাপে ভারত ও নেপাল মুখোমুখি হয়েছিল। সেই ঐতিহাসিক প্রতিযোগিতার ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে ফের মুখোমুখি হবে দুই দল। এই সিরিজ খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা অর্জন এবং দৃষ্টিপ্রতিবন্ধী আরও মহিলাকে ক্রিকেটে উৎসাহিত করার সুযোগ করে দেবে।

 

সিরিজের প্রস্তুতি হিসেবে ভারতীয় মহিলা অন্ধ ক্রিকেট দল গত ১৬ নভেম্বর গুরুগ্রামে প্রশিক্ষণ শিবির শুরু করেছে। সেখানে ক্রিকেট দক্ষতা, শারীরিক সক্ষমতা, কৌশলগত প্রস্তুতি, দলের সমন্বয় এবং ম্যাচের জন্য প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

ভারতীয় দলে রয়েছেন সিমু দাস (বি১, দিল্লি), শিবানী ভোই (বি১, রাজস্থান), অনু কুমারী (বি১, বিহার), কল্পনাবেন চৌর্য (বি১, গুজরাট), রঞ্জিতা হাভেরি (বি১, কর্ণাটক), প্রিয়া (বি১, মধ্যপ্রদেশ), অণেখা দেবী (বি২, দিল্লি), বাসন্তী হাঁসদা (বি২, ওড়িশা), সুনীতা ধোন্দাপ্পানাভার (বি২, কর্ণাটক), সিমরনজিৎ কৌর (বি২, রাজস্থান), সুনীতা সারাথে (বি২, মধ্যপ্রদেশ), অধিনায়ক দীপিকা টি সি (বি৩, কর্ণাটক), ফুলা সরেন (বি৩, ওড়িশা), সহ-অধিনায়ক গঙ্গা কদম (বি৩, মহারাষ্ট্র), সুষমা প্যাটেল (বি৩, মধ্যপ্রদেশ), দুর্গা ওয়াই (বি৩, মধ্যপ্রদেশ) এবং জয়লক্ষ্মী বি (বি৩, কর্ণাটক)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker