কোথায় গেল শ্যামাপ্রসাদের সেই গুরুত্বপূর্ণ নথি? বিধানসভায় হৈচৈ, সিআইডি তদন্তের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: ১৯৪৭ সালের বাংলা ভাগ এবং পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ভাষণের নথি খুঁজে পাওয়া যাচ্ছে বিধানসভার গ্রন্থাগার থেকে। বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক স্তরে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিধানসভার লাইব্রেরী থেকে নথি গায়েব হতেই কড়া মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নথিটি বিধানসভার গ্রন্থাগারে না থাকলেও তার একটি প্রতিলিপি তাঁর কাছে রয়েছে। সেটি বিধানসভার সরকারি নথিতে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কীভাবে এমন একটি ঐতিহাসিক দলিলের খোঁজ মিলছে না, তা জানতে বিস্তারিত তদন্তের প্রয়োজন বলে মনে করছেন তিনি। আগের সরকারের সময় যাঁরা বিধানসভার দায়িত্বে ছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হতে পারে। তৎকালীন অধ্যক্ষ, সচিব, সংশ্লিষ্ট আধিকারিক এবং গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে কপি আছে। আমি রেকর্ডে জমা করিয়ে দেব। লাইব্রেরিতে আমরা পাইনি। আগামী ৪ তারিখ বিধানসভা খুললে বিষয়টি দেখব। পূর্ণাঙ্গ তদন্ত হবে, দরকারে সিআইডি তদন্তভার নেবে।” কেন এই পুরনো ভাষণ ঘিরে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৯৪৭ সালে বাংলা ভাগের সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ এবং তার নামকরণের পিছনের ইতিহাস বুঝতে শ্যামাপ্রসাদের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে তাঁর মত।
আরও পড়ুন : অযোগ্য হয়েও নিচ্ছেন বিনামূল্যের রেশন! কেন্দ্রের সমীক্ষায় দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ
দেশভাগের সময় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি কেমন ছিল, সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি কীভাবে সামনে এসেছিল, তার গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায় ওই ভাষণে। তাই বিধানসভার নিজস্ব সংগ্রহে থাকা উচিত এমন একটি দলিলের সন্ধান না মেলায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘটনার সূত্রপাত অবশ্য একটি গবেষণামূলক বক্তৃতার প্রস্তুতি থেকে। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজে ‘দেশভাগ, হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ গঠন’ বিষয়ে বক্তব্য রাখার কথা ছিল ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক কৃষ্ণ সরকারের। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তাঁর প্রয়োজন হয় ১৯৪৭ সালের ২০ জুনের বিধানসভার নথি। সেই সময়ের কার্যবিবরণী ও সংশ্লিষ্ট বইয়ের সন্ধানে তিনি বিধানসভার গ্রন্থাগারে যান।
কিন্তু প্রয়োজনীয় নথিটি সেখানে পাওয়া যায়নি। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে এবং ঐতিহাসিক দলিল সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিধানসভার বর্তমান স্পিকার রথীন্দ্র বসুও এই অভিযোগকে গুরুত্ব দিয়েছেন। তাঁর কথায়, “বিষয়টি নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছিল। আমরা চাই তদন্ত হোক।”



