বাংলাদেশে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে গ্রেফতার, ঢাকায় সরকারবিরোধী বিক্ষোভের মামলায় আরও দুই অভিযুক্ত জেলে

ঢাকা, ২৪ নভেম্বর : বাংলাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত। এবার নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার রাতে চট্টগ্রামের অক্সিজেন স্কোয়ার এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
৬৮ বছর বয়সি আতাউর রহমান আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক। এর আগে তিনি দলের মিরসরাই উপজেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-কে এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলে উদ্দিন আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে শহরের কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তাঁর বিরুদ্ধে মিরসরাই থানাসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক ফরিদা ইয়াসমিন প্রথম আলো-কে জানান, আইনশৃঙ্খলা ও সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত কারণে আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে এসআরবি তাদের জানিয়েছে।
অন্যদিকে, ঢাকায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় চার দিনের রিমান্ড শেষে অভিনেতা আরিফ মাহমুদ তামাল এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের প্রাক্তন সচিব মিজানুর রহমানকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম সারা ফারজানা হক এই নির্দেশ দেন। তদন্তকারী আধিকারিকের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশের ধানমন্ডি জোনের দল দুই অভিযুক্তকে আদালতে হাজির করে। তাঁদের জেলহাজতে পাঠানোর আবেদন জানান তদন্তকারী আধিকারিক।
উল্লেখ্য, গত সপ্তাহে একই মামলায় তামাল ও মিজানুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল। পাশাপাশি সাতক্ষীরা-৪ আসনের প্রাক্তন সাংসদ এসএম আতাউল হক দোলনকে সাত দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।
গত ১৯ নভেম্বর রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। দোলনকে বারিধারা ডিওএইচএস, মিজানুরকে ধানমন্ডি এবং তামালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে আটক করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার বাইরে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলির প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে জমায়েত হয়েছিলেন। পুলিশকে দেখতে পেয়ে তাঁদের কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কয়েকজনকে আটক করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
এই ঘটনার পরদিন, ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন এসআই তানভীর মেহেদি।
উল্লেখ্য, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়েছিল। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় আসার পরও সেই অভিযান অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



