0%

লাল কার্ড দেখানো হল কেন? রেফারিকে তাড়া, ছুরি নিয়ে প্রতিপক্ষর গলা চেপে ধরলেন ফুটবলার

ফুটবল ম্যাচে লাল কার্ড দেখানো হল খেলোয়াড়রা কী করেন? রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন। পালটা দাবি জানান। তারপর মাঠ ছাড়তে বাধ্য হন। কিন্তু তা বলে ছুরি নিয়ে আক্রমণ করেন কে? হ্যাঁ, সেরকম ঘটনাই ঘটল। কেন লাল কার্ড দেখানো হল? ছুরি নিয়ে প্রতিপক্ষ কর্মকর্তার গলা চেপে ধরলেন এক ফুটবলার। এরপর মাঠে পুলিশ ঢুকে খেলাই পণ্ড করে দেয়। আপাতত ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ইটালিতে (Italy Football)। রবিবার ট্রাপানি অঞ্চলের পলিসপোর্তিভো ‘এম. ডি দিয়া’ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও পারতান্না। তবে শেষ পর্যন্ত আর খেলা শেষ করা সম্ভব হয়নি। ইটালির সংবাদমাধ্যমের বর্ণনা অনুযায়ী, পাওলিনির ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রতিপক্ষের ডাগআউটে থাকা ব্যক্তিদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। যা নিয়ে ঝামেলা বাঁধলে পারতান্নার এক ফুটবলারকে লাথি মারেন পাওলিনির ওই ফুটবলার।

তাতে সেই খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এরপর পারতান্নার কোচ কালান্দ্রাকেও লাল কার্ড দেখানো হয়। তবে ঘটনা সেখানে থামেননি। কিছুক্ষণ পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনির ওই খেলোয়াড়। মাঠে ফিরে রেফারি, পারতান্নার কোচ, কর্মকর্তা ও একাধিক খেলোয়াড়কে হুমকি দেন ওই ফুটবলার। একসময় এক কর্মকর্তার গলা চেপে ধরেন তিনি। তখন তার অন্য হাতে ছিল ছুরিটি। তবে শেষ পর্যন্ত কেউ আহত হয়নি। যদিও ম্যাচ চালানো আর নিরাপদ মনে করেননি রেফারি। সঙ্গে সঙ্গে ম্যাচ পরিত্যক্ত করে দেওয়া হয়।

এরপর পারতান্নার পক্ষ থেকে পুলিশকে ফোন করা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু করেছে তারা। ইতিমধ্যে ইটালিয়ান ফুটবল ফেডারেশনকে অভিযোগ জানিয়েছে পারতান্না। রেফারির রিপোর্টের পর সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। ঘটনায় জড়িত ফুটবলারদের বড় শাস্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker