0%

১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম! GST, ব্যাঙ্ক, LPG থেকে ট্রাফিক, কী কী পরিবর্তন?

নয়াদিল্লি: নভেম্বর শেষ হলেই শুরু হবে ডিসেম্বরের কাউন্টডাউন। নতুন মাসের শুরুতেই একাধিক ক্ষেত্রে নিয়ম বদলের সম্ভাবনা রয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে ব্যাঙ্কিং, টেলিকম পরিষেবা, ট্রাফিক আইন—বিভিন্ন ক্ষেত্রে…

নয়াদিল্লি: নভেম্বর শেষ হলেই শুরু হবে ডিসেম্বরের কাউন্টডাউন। নতুন মাসের শুরুতেই একাধিক ক্ষেত্রে নিয়ম বদলের সম্ভাবনা রয়েছে। ব্যবসা-বাণিজ্য থেকে ব্যাঙ্কিং, টেলিকম পরিষেবা, ট্রাফিক আইন—বিভিন্ন ক্ষেত্রে নতুন বিধি কার্যকর হওয়ার কথা। এর মধ্যে কিছু পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ গ্রাহকদের উপর। আবার কয়েকটি নিয়ম গুরুত্বপূর্ণ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য। এক নজরে দেখে নেওয়া যাক, ডিসেম্বর থেকে কোন কোন ক্ষেত্রে কী পরিবর্তন আসতে চলেছে।

GST রিফান্ডে নতুন ফর্ম

১ ডিসেম্বর থেকে GST রিফান্ডের আবেদন করার ক্ষেত্রে সংশোধিত Form GST RFD-01 ব্যবহার করতে হবে। আবেদনের সঙ্গে নির্দিষ্ট নথি, স্টেটমেন্ট এবং ঘোষণা জমা দেওয়াও বাধ্যতামূলক হবে। কিছু ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সার্টিফিকেটে UDIN নম্বর থাকা প্রয়োজন।

MSME কাউন্সিলের কাঠামোয় বদল

ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় সংক্রান্ত বিরোধ মেটানোর জন্য তৈরি Micro and Small Enterprises Facilitation Council-এর কাঠামোয় পরিবর্তন আসছে ১৫ ডিসেম্বর থেকে। নতুন নিয়মে প্রতিটি কাউন্সিলে তিন থেকে পাঁচ জন সদস্য থাকবেন। চেয়ারম্যানের পদমর্যাদা হতে হবে অন্তত জয়েন্ট ডিরেক্টর স্তরের। পাশাপাশি, আইন বিষয়ে অভিজ্ঞ সদস্য রাখার ব্যবস্থাও করা হচ্ছে। দ্রুত বিরোধ নিষ্পত্তি করাই এই পরিবর্তনের উদ্দেশ্য।

মোবাইল অ্যাপেই টেলিকমের অভিযোগ

টেলিকম গ্রাহকদের অভিযোগ জানানোর প্রক্রিয়ায় পরিবর্তন আনছে TRAI। নতুন ব্যবস্থায় পরিষেবা প্রদানকারী সংস্থার মোবাইল অ্যাপ থেকেই অভিযোগ, আপিল এবং পরিষেবা সংক্রান্ত আবেদন জানানো যাবে। ছোট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ক্ষেত্রেও কিছু ছাড়ের ব্যবস্থা থাকছে। তবে প্রাথমিক অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা তাদের রাখতে হবে। সংশোধিত বিধির কয়েকটি অংশ ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কার্যকর হবে।

KYC আপডেটে ব্যাঙ্কের নতুন ব্যবস্থা

নিষ্ক্রিয় ও দাবিহীন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুনরায় চালু করা এবং KYC আপডেটের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে গ্রাহকদের তিনবার বিজ্ঞপ্তি পাঠাতে হবে ব্যাঙ্কগুলিকে। যে কোনও শাখায় গিয়ে KYC আপডেট করা যাবে। পাশাপাশি আধার OTP ও ভিডিও KYC-এর মাধ্যমেও পরিচয় যাচাইয়ের সুযোগ থাকবে। গ্রামীণ এলাকায় ব্যাঙ্কের বিজনেস করেসপন্ডেন্টদের সাহায্য নেওয়ার ব্যবস্থাও করা হবে।

ট্রাফিক আইন ভাঙলে বাড়বে কড়াকড়ি

বারবার একই ধরনের ট্রাফিক আইন ভাঙলে চালকের ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য সাসপেন্ড হতে পারে। গাড়ির NOC ও ফিটনেস সার্টিফিকেট দেওয়ার আগে বকেয়া টোলের বিষয়টিও যাচাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে। দূষণ শংসাপত্র বা PUCC-এর বৈধতার নিয়মেও পরিবর্তনের কথা রয়েছে। নতুন BS-VI গাড়ি এবং পুরনো গাড়ির ক্ষেত্রে শংসাপত্র পুনর্নবীকরণের নিয়ম আলাদা হতে পারে।

বদলাতে পারে LPG-র দাম

প্রতি মাসের মতো ডিসেম্বরেও রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করবে তেল বিপণন সংস্থাগুলি। ফলে ঘরোয়া ও বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে। তবে দাম কমবে না বাড়বে, তা এখনও নিশ্চিত নয়।

সব মিলিয়ে ডিসেম্বরের শুরু থেকে একাধিক নিয়মের পরিবর্তন হতে চলেছে। তাই নতুন মাসে আর্থিক লেনদেন, ব্যবসায়িক কাজ এবং গাড়ি চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মগুলি সম্পর্কে আগাম জেনে রাখা জরুরি।

শীতের আগেই অরুণাচল সীমান্তে ভারত-চিনের ১০ দিনের বৈঠক, কী সিদ্ধান্ত হল?

মহাকাশে পরমাণু অস্ত্র পাঠানোর প্রস্তুতি রাশিয়ার! ডিসেম্বরেই উৎক্ষেপণ

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker