0%

চোটে ছিটকে গেলেন আরেক কিউয়ি তারকা, গিলকে স্বস্তি দিয়ে দ্বিতীয় টেস্টের আগে বিপাকে নিউজিল্যান্ড!

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দলে ছিলেন না মিচেল স্যান্টনার। দ্বিতীয় টেস্টেও তাঁর দলে ফেরার সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ‘মড়ার উপরে খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে পেসার ব্লেয়ার টিকনারের হ্যামস্ট্রিংয়ের চোট। যার জেরে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। প্রথম টেস্ট ড্র হওয়ার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা ভারতের প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় অঙ্কের হিসেবে টিকে থাকতে হাতে থাকা সব ম্যাচই জিততে হবে গিলদের। এই অবস্থায় কিউয়ি শিবিরের চোটআঘাত দ্বিতীয় ম্যাচের আগে যে ভারতকে (India) স্বস্তি দেবে তা বলাই যায়।

আইসিসির তথ্য অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টিকনার ছিটকে যাওয়ায় দলে নেওয়া হয়েছে ম্যাট ফিশারকে। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সেরই ‘পুরস্কার’ পেলেন তিনি। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ৬টি উইকেট পেয়েছিলেন ম্যাট। মাত্র ১৩.৬৬ গড়ে। সেরা বোলিং ফিগার ছিল ৩১ রানে ৩ উইকেট। যার মধ্যে রো-কোর উইকেটও ছিল। তবে টেস্টে শেষপর্যন্ত তাঁকে খেলানো হবে কিনা সেটা সময়সাপেক্ষ ব্যাপার। কেননা টিকনারও কিন্তু প্রথম ম্যাচে দলে ছিলেন না। নিউজিল্যান্ড (New Zealand) যদি তাদের বোলিং লাইনআপে পরিবর্তন আনে, সেক্ষেত্রেই একমাত্র ম্যাটকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

উল্লেখ্য, তারকা অলরাউন্ডার ও সীমিত ওভারের অধিনায়ক মিচেল স্যান্টনার সিরিজের শুরু থেকেই চোটের গ্রাসে। টিকনার প্রথম টেস্টে না খেললেও ছয় টেস্টে ২২ উইকেট নেওয়া বোলার যে কোনও সময়ই দলে ঠাঁই পেতে পারতেন। এর মধ্যে ইনিংসে দু’বার চার ও একবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। এমন বোলার ছিটকে গেলে চাপ যে বাড়বেই, তা বলাই বাহুল্য।

এদিকে প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চার নম্বরেই রয়েছে ভারত। ১২টি ম্যাচ খেলে পাঁচটিতে জয়, চারটিতে হার এবং তিনটি ড্র। সব মিলিয়ে ভারতের পয়েন্ট ৭২। পয়েন্টের শতাংশ ৫০.০০। এই টেস্টের আগে যা ছিল ৫১.৫২। অর্থাৎ, ড্রয়ের খেসারত দিতে হয়েছে ভারতকে। তবে ভারতের ফাইনালে ওঠার আশা এখনও শেষ হয়ে যায়নি। সামনে রয়েছে আরও ছ’টি টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি এবং দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ছ’টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততেই হবে ভারতকে। তবে সবচেয়ে ভালো হবে সব ক’টি ম্যাচেই জিততে পারলে। যদিও সেক্ষেত্রেও তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে। তবে আপাতত কোনও পয়েন্ট নষ্ট না করাই যে গিলদের লক্ষ্য হবে তা বলাই বাহুল্য।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker