0%

অস্ট্রেলিয়ার দ্বীপে ভয়াবহ দাবানল, প্রাণঘাতী জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

ক্যানবেরা, ২৫ নভেম্বর : অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী একটি দ্বীপে ভয়াবহ দাবানলের জেরে প্রাণঘাতী জরুরি সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে বাসিন্দাদের জানিয়ে দেওয়া হয়েছে, এলাকা ছেড়ে যাওয়ার সময় আর নেই। আগুনে প্রাণহানির আশঙ্কা থাকায় দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

তাসমানিয়া রাজ্যের অগ্নিনির্বাপণ দপ্তর বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৩ মিনিটে ফ্লিন্ডার্স দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলবর্তী এলাকার জন্য জরুরি সতর্কতা জারি করে। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া দাবানল জনজীবন ও বাড়িঘরের জন্য বড়সড় বিপদ তৈরি করেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগুনের কারণে পালানোর পথও বিপজ্জনক হয়ে উঠেছে। এই মুহূর্তে এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করলে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই আগুন পৌঁছানোর আগেই নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী, বাসিন্দাদের এমন একটি ঘরে আশ্রয় নিতে হবে, যেখান থেকে সহজে বের হওয়ার ব্যবস্থা রয়েছে। সমস্ত দরজা ও জানালা বন্ধ রাখতে হবে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ করে দিতে হবে। ঘন ধোঁয়া ও আগুনের ফুলকি থেকে আশপাশের এলাকায় নতুন করে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, বজ্রপাতের কারণে একটি প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলে এই আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় তিন হাজার হেক্টর জমি আগুনে পুড়ে গিয়েছে। ফ্লিন্ডার্স দ্বীপটি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য এবং তাসমানিয়ার মূল দ্বীপের মধ্যবর্তী বাস প্রণালীতে অবস্থিত। ২০২১ সালের জনগণনা অনুযায়ী, জরুরি সতর্কতার আওতাধীন এলাকায় প্রায় ৪৩ জন মানুষের বসবাস।

এর আগে গত ২০ নভেম্বর পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থের উত্তর উপকণ্ঠেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। শহরের কেন্দ্র থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিল অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা দপ্তর।

সেই সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতির দ্রুত পরিবর্তন হওয়ায় মানুষের জীবন ও বাড়িঘরের ওপর বিপদের আশঙ্কা রয়েছে। এলাকা ছাড়ার সময় সঙ্গে রেডিও, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, সুরক্ষামূলক পোশাক এবং প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে, বাড়িঘর রক্ষার জন্য থেকে যাওয়া বাসিন্দাদের পর্যাপ্ত জল ও সুরক্ষামূলক পোশাকের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। দাবানল মোকাবিলায় মাটিতে থাকা দমকলকর্মীদের পাশাপাশি অগ্নিনির্বাপণকারী বিমানও মোতায়েন করা হয়েছিল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker