প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী?

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিশ্বসুন্দরীর মুকুট উঠল পুয়ের্তো রিকোর জেনিফার বারেটোর (Jennifer Barreto) মাথায়। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের ১১৬ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন ২৭ বছরের এই সুন্দরী। মঙ্গলবার, ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে বসেছিল এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আসর।
২০২৫ সালের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ জেনিফারের মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ বারের প্রতিযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, মিস ইউনিভার্সের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেই উপলক্ষে তৈরি হয়েছিল নতুন মুকুটও। ‘দ্য রেডিয়্যান্স অফ অ্যান এটারনাল লিগ্যাসি’ নামের এই মুকুটে রয়েছে ৩১৫০টি হিরে। ১৮ ক্যারেট সাদা সোনার উপর বসানো হয়েছে মূল্যবান এই রত্নগুলি। নকশা করেছেন জর্জ উইটেলস। তাঁর সঙ্গে কাজ করেছে প্যারিসের গয়না প্রস্তুতকারী সংস্থা মেজোঁ দ’অর। জেনিফারের জয় পুয়ের্তো রিকোর কাছেও ঐতিহাসিক। এই নিয়ে ষষ্ঠ বার মিস ইউনিভার্সের খেতাব এল দেশটিতে। এর আগে ২০০৬ সালে শেষ বার এই সম্মান পেয়েছিল পুয়ের্তো রিকো।

আরও পড়ুনঃ মহাকাশে নতুন ইতিহাস পাকিস্তানের, চিনের স্পেস স্টেশনে পা রাখলেন পাক অ্যাস্ট্রোনট
তবে শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতা ও সমাজসেবার কাজেও পরিচিত জেনিফার। তাঁর মনস্তত্ত্বে স্নাতক ডিগ্রি রয়েছে। পাশাপাশি মনস্তত্ত্ব এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন তিনি। বিবাহিত জেনিফার এক কন্যাসন্তানের মা। মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম মা হিসেবে এই শিরোপা জিতে নজির গড়লেন তিনি। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন কেরলমের ১৯ বছরের কাজিয়া লিজ মেজো। সেরা ৩০-এ জায়গা করে নিলেও সেরা ১২-তে পৌঁছতে পারেননি তিনি।
The post প্রথমবার কোনও মা জিতলেন Miss Universe 2026-এর খেতাব, জানেন কে এই সুন্দরী? appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



