0%

কালোবাজারি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রুখতে অভিযান, ব্যবসায়ীদের তিন দিনের সময়সীমা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৫ নভেম্বর : নিত্যপ্রয়োজনীয় পণ্যের কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ সরকার। বাজারদর নিয়ন্ত্রণে আনতে ব্যবসায়ীদের তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর মধ্যে দাম না কমলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এরই মধ্যে বুধবার সকালে কলকাতার বিভিন্ন বাজারে পরিদর্শন চালান রাজ্য সরকারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) আধিকারিকরা।

অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে কলকাতার কোলে মার্কেট ও লেক মার্কেটে যান আধিকারিকরা। চিনি, সর্ষের তেল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খতিয়ে দেখেন তাঁরা। ক্রেতাদের সঙ্গে কথা বলে মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা করে দাম বাড়ার কারণ জানতে চান।

মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই অবৈধ মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে পুলিশ-প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বিশেষ করে চিনি ও সর্ষের তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানোর খরচ বাড়ছে। এক সপ্তাহ আগেও যেখানে প্রতি লিটার সর্ষের তেলের দাম ছিল প্রায় ১৭০ টাকা, বর্তমানে তা ২২০ টাকা ছাড়িয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, দুর্গাপুজোর সময় প্রতি কেজি চিনি প্রায় ৫৫ টাকায় নেমে এলেও বর্তমানে খুচরো বাজারে তা বেড়ে ৬৮ থেকে ৭০ টাকা হয়েছে।

দাম কমার পরেও হঠাৎ এই মূল্যবৃদ্ধি কেন, তা নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলির কাছে ব্যাখ্যা চান মুখ্যমন্ত্রী। তিন দিনের মধ্যে বাজারদর নিয়ন্ত্রণে না এলে কঠোর পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করেন তিনি।

বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং রাজ্য কৃষি বিপণন দফতরের মধ্যে আরও সমন্বয় গড়ে তোলার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। বাজারদর নিয়ন্ত্রণে ইবি-র ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে নিয়মিত যৌথ পরিদর্শনের নির্দেশ দেন তিনি। রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে এই অভিযান চালানোর কথা বলা হয়েছে।

পাশাপাশি কৃত্রিম ঘাটতি তৈরি করে বা সরবরাহ ব্যবস্থা ব্যাহত করে পণ্যের দাম বাড়ানোর অভিযোগে মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্রেতাদের কাছে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে কৃষক ও উৎপাদকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সংগ্রহের জন্য কৃষি বিপণন দফতরকেও নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত এক রাজ্য সরকারি আধিকারিকের দাবি, সরাসরি কৃষিপণ্য সংগ্রহের ব্যবস্থা চালু হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আসবে। বুধবারের বাজার পরিদর্শনকে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker