ফের কুপোকাত বাংলাদেশ! দক্ষিণ আফ্রিকার বিশাল জয়ে টেস্ট বিশ্বকাপে কতটা লাভ ভারতের?

বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে উড়িয়ে দিয়ে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে একতরফা দাপট দেখালেন প্রোটিয়া ক্রিকেটারেরা। একাই ৭ উইকেট তুলে নিলেন উইয়ান মুল্ডার। তাঁর দাপটেই তৃতীয় দিনেই শেষ হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান পোক্ত করল দক্ষিণ আফ্রিকা।
চলতি ডব্লিউটিসি চক্রে ৯ টেস্টে সাতটিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট পার্সেন্টেজ বেড়ে ৭৭.৭৮। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (৬৯.২৩), তিনে নিউজিল্যান্ড (৬৬.৬৭)। ভারত রয়েছে চতুর্থ স্থানে। শুভমান গিলদের পয়েন্টের শতকরা ৫০। অন্যদিকে, ১০টি টেস্ট খেলে পঞ্চম হারের মুখ দেখল বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এই চক্রে এখনও পাঁচটি টেস্ট বাকি তাদের। ডিসেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে তারা। তার পরে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কা সফরে গিয়ে দু’টি টেস্ট খেলবে প্রোটিয়ারা। ফাইনালের লড়াইয়ে থাকা প্রতিদ্বন্দ্বী দলগুলির বিরুদ্ধে আর কোনও ম্যাচ নেই তাদের। ফলে ২০২৭ সালের ফাইনালে ওঠার অন্যতম বড় দাবিদার দক্ষিণ আফ্রিকাই।
প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯১ রানে। জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। ৪০৩ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে ১৮৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের দুই ওপেনার মহফিজুল ইসলাম ও তানজিদ হাসান শুরুটা মন্দ করেননি। প্রথম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন তাঁরা। ২৯ রান করা তানজিদকে ফিরিয়ে জুটি ভাঙেন মুল্ডার। এর পর মুমিনুল হককে শূন্য রানে ফেরান তিনি। মার্কো জানসেনের শিকার হয়ে ফেরেন ৩৮ রান করা মহফিজুলও। ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
South Africa extend their lead at the top as Bangladesh slip a place in the #WTC27 standings following the Centurion Test 🏏 Predict the outcome of the upcoming contests via the standings predictor and see if your favourite side can make it to the final next year ➡️ https://t.co/A94TjioAWy
— ICC (@ICC) November 25, 2026
মধ্যাহ্নভোজের বিরতির পর পালটা আগ্রাসী মনোভাব দেখান তৌহিদ হৃদয়। নর্টজে ও রাবাডাকে পরপর কয়েকটি বাউন্ডারি মারেন তিনি। ৩৩ বলে ৪১ রান করে রাবাডার বলে গালিতে হামজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। দ্বিতীয় দিন চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া লিটন দাস ব্যাট করতে নামলেও বিশেষ কিছু করতে পারেননি। মুল্ডারের বলে আউট হন তিনি। এর পর বাংলাদেশ ব্যাটিংয়ে কার্যত ধস নামান মুল্ডার। জাকের আলি ও শরিফুল ইসলামকে পরপর ফিরিয়ে টেস্টে প্রথম ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও (৩৪) ফেরান। টাসকিন আহমেদ টানা দু’টি বাউন্ডারি মেরে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তাঁকেও বোল্ড করে নিজের সপ্তম উইকেট তুলে নেন মুল্ডার।
এই পারফরম্যান্সে নয়া নজিরও গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। সেদেশের প্রথম ক্রিকেটার হিসাবে একই টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। শেষ উইকেটটি তুলে নেন জানসেন। ইনিংস ও ২১৯ রানের বড় জয়ে সিরিজও পকেটে পুরে নেয় দক্ষিণ আফ্রিকা। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও নিজেদের অবস্থান আরও শক্ত করে নিল গতবারের চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, ভারতের ফাইনালে ওঠার আশা এখনও শেষ হয়ে যায়নি। সামনে রয়েছে আরও ছ’টি টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি এবং দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ছ’টি ম্যাচের মধ্যে অন্তত পাঁচটিতে জিততেই হবে ভারতকে। অর্থাৎ, আর পয়েন্ট নষ্ট করার সুযোগ কার্যত নেই শুভমানদের। ওয়েলিংটনে যে সুযোগ হাতছাড়া করেছে ভারত, তার মাশুল দিতে হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে। এবার বাকি ম্যাচগুলিতে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হতে পারে গিলদের।
শেয়ার
লিংক



