0%

মাথায় শিংওয়ালা মুকুট, গলায় মোটা ফুলের মালা! বৈভবকে ‘যমরাজ’ সাজিয়ে কী বার্তা জাদেজার?

মাথায় শিংওয়ালা মুকুট। গলায় মোটা ফুলের মালা। সাক্ষাৎ যমরাজের বেশে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)! ১৫ বছরের বিস্ময়বালকের এমনই মজার ছবি পোস্ট করেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সেই ছবি নিয়েই শুরু হয়েছে চর্চা। প্রশ্ন হল, হঠাৎ বৈভবকে ‘যমরাজ’ সাজিয়ে কী বার্তা দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার? পাশাপাশি সূর্যবংশীর ‘বৈভবে’ মুগ্ধ ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মাও। 

সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ‘রাইজিং স্টারস এশিয়া কাপ’-এ মাত্র ৫২ বলে ডবল সেঞ্চুরি করে ক্রিকেটবিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে বৈভব। অনেকেই বলছে, ভিডিও গেমেও এমন খেলা সম্ভব নয়। ২৮ বলে সেঞ্চুরি করার পর মাত্র ৫২ বলে ২০০ রানের গণ্ডি পেরয় ১৫ বছরের এই ব্যাটার। স্বাভাবিক ভাবেই তার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটমহল। তবে বৈভবকে নিয়ে জাদেজার পোস্টের মেজাজ ছিল একটু অন্যরকম। ইনস্টাগ্রাম স্টোরিতে বৈভবের এই ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে বৈভবের মাথায় শিংওয়ালা মুকুট। গলায় মোটা ফুলের মালা। তাঁকে দেখে মনে হচ্ছে মৃত্যুর দেবতা যমরাজের মতো। রাজস্থান রয়্যালসকে ট্যাগ করার পাশাপাশি বৈভবকেও ট্যাগ করেছেন জাড্ডু। হাসির ইমোজিও দিয়েছেন।

আসলে আইপিএলের বাকি দলগুলিকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখলেন রাজস্থানের তারকা অলরাউন্ডার। বৈভবের এ হেন ছবি পোস্ট করে জাদেজা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, তাঁদের হাতে রয়েছে ভয়ংকর এক অস্ত্র। তাই বিপক্ষ বোলারদের সাধু সাবধান থাকতে হবে। উল্লেখ্য, আইপিএলে একই দলের হয়ে খেলেন জাদেজা ও বৈভব। চেন্নাই সুপার কিংস থেকে ট্রেডের মাধ্যমে রাজস্থান রয়্যালসে ফিরেছেন জাদেজা। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এটি তাঁর দ্বিতীয় ইনিংস। দলে ফেরার পর থেকেই ‘বেবি বস’ বৈভবের সঙ্গে তাঁর ‘বন্ধুত্বে’র কথা সামনে এসেছে। সেই সম্পর্কেরই যেন প্রতিফলন জাদেজার এই পোস্ট।

বৈভবের অবিশ্বাস্য ইনিংসে মুগ্ধ ভারত ‘এ’ দলের অধিনায়ক তিলক বর্মাও। তরুণ সতীর্থের ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “অসাধারণ বললেও কম বলা হয়। ওর ব্যাটিং দেখতে বসা সত্যিই অন্য রকম অভিজ্ঞতা। মাত্র ২৮ বলে সেঞ্চুরি! ভাবাই যায় না। সবাই জানে, বৈভব একের পর এক রেকর্ড ভাঙবে। কিন্তু এই ম্যাচেই এমন একটা বিশ্বরেকর্ড গড়ে ফেলবে, সেটা আমরা কল্পনাও করিনি। কৃতিত্বের পুরোটাই ওর প্রাপ্য। ২৮ বলে সেঞ্চুরির পর যেভাবে ডবল সেঞ্চুরিতে পৌঁছেছে, তা অবিশ্বাস্য।” অধিনায়ক হিসাবে বৈভবকে কোনও পরামর্শ দেন কি না, সেই প্রশ্নে তিলক বলেন, “আমি ওকে বিশেষ কিছু বলি না। ছোট ছোট রান নিয়ে খেলার চেয়ে বড় শট খেলতেই ও বেশি স্বচ্ছন্দ। তাই ওকে বলেছি, ‘ভাই, তুই নিজের মতো করেই খেল।’

বৈভবের ডবল সেঞ্চুরির সময় দলের বাকিদের প্রতিক্রিয়া কেমন ছিল? তিলকের কথায়, “বৈভব চার মারলে এখন আর আমরা খুব একটা উচ্ছ্বসিত হই না। কিন্তু ডবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে ও যখন একটা ছক্কা মারল, তখন আমরা কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভয় হচ্ছিল, যদি আউট হয়ে যায়! একটা ইনিংসে প্রায় ৩০টি ছক্কা! হিসাব করলে দেখা যাবে, শুধু ছক্কা থেকেই প্রায় ১৮০ রান এসেছে। একবার ভাবুন!” আগামী দিনে এই বিস্ময়বালকের ব্যাট আরও কত বিপক্ষের রাতের ঘুম যে কেড়ে নিতে চলেছে, তা বলাই বাহুল্য।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker