0%

রিঙ্কু সিংয়ের বিয়েতে আমন্ত্রিত শাহরুখ খান, সত্যিই কি নাচবেন বলিউড বাদশা?

টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিং করে গোটা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বাঁহাতি ব্যাটার। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিঙ্কু সিং। লখনউয়ের রামাডা হোটেলে বসবে বিয়ের আসর। সেখানে বসতে চলেছে চাঁদের হাট। ক্রিকেট তো বটেই, বলিউড ও রাজনীতির জগতের অনেক নামজাদাই উপস্থিত থাকছেন এই বিবাহ অনুষ্ঠানে। সেই তালিকায় রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খানও। প্রশ্ন একটাই, রিঙ্কুর বিয়েতে কি সত্যিই নাচতে দেখা যাবে কিং খানকে?

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে রিঙ্কুর সম্পর্ক দীর্ঘদিনের। শাহরুখ খানও এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার। ফলে প্রিয় ক্রিকেটারের বিয়েতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শাহরুখ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। ভোজপুরি গায়ক সমর সিং-সহ বিনোদন জগতের আরও কয়েকজন পরিচিত মুখকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বলিউডের পাশাপাশি রাজনীতির জগতের একাধিক হেভিওয়েটকে আমন্ত্রণ জানিয়েছেন রিঙ্কু। পরিবারের সদস্যদের সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নিজেই বিয়ের আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন কেকেআরের তারকা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও আমন্ত্রণ জানিয়েছেন রিঙ্কুর পরিবারের সদস্যরা।

এছাড়াও কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তাঁর স্ত্রী ডিম্পল যাদবের কাছেও আমন্ত্রণ পৌঁছেছে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। দুই পরিবারের তরফে ৯০ জন সাংসদ ও বিধায়ক এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর খবরও পাওয়া গিয়েছে। ক্রিকেট জগৎ থেকেও আমন্ত্রিতের তালিকা বেশ লম্বা। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি এবং টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীরদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন সুরেশ রায়না, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, তিলক বর্মা, প্রবীণ কুমার, আরপি সিংহ এবং পীযূষ চাওলার মতো ক্রিকেটাররাও।

তবে রিঙ্কুর বিয়েতে সবচেয়ে বেশি কৌতূহল শাহরুখকে নিয়েই। ২০২৩ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে যশ দয়ালকে পরপর পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। সেই ম্যাচের পরেই উচ্ছ্বসিত শাহরুখ তাঁর বিয়েতে গিয়ে নাচার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি কি এবার পূরণ করবেন বলিউড বাদশা? রিঙ্কুর বাগদান অনুষ্ঠানে অবশ্য দেখা যায়নি শাহরুখকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে কেকেআর ব্যাটার বলেছিলেন, “বাগদানের আগে শাহরুখ স্যরের সঙ্গে কথা হয়েছিল। ওঁকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণও জানিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে আসতে পারেননি। আগে থেকেই ওঁর অন্য কাজের পরিকল্পনা ছিল। তবে বাগদানের অনুষ্ঠানে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর উপস্থিত ছিলেন।” বিয়েতে শাহরুখের নাচার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করা হলে রিঙ্কুর জবাব, “বিয়েতেও শাহরুখ স্যরকে আমন্ত্রণ জানিয়েছি। উনি আসতে পারেন কি না, সেটাই এখন দেখার।” এখন দেখার কেকেআর তারকার বিয়েতে শাহরুখ নাচেন কি না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker