বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘায়ু লাভের আশায় মানুষ কত কিছুই না করে। নিয়মিত জিম, শরীরচর্চা, খাদ্যাভ্যাসে পরিবর্তন তবে এবার আয়ু বাড়ানোর এক অদ্ভুত ও চাঞ্চল্যকর উপায় সামনে আনলেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, অণ্ডকোষ বাদ দিলে পুরুষদের আয়ু উল্লেখযোগ্য হারে বাড়তে পারে, তাও আবার প্রায় ৩৩ শতাংশ!
তবে এই পরীক্ষাটি মানুষের ওপর নয়, বরং ইঁদুরের ওপর চালানো হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, প্রাপ্তবয়স্ক অবস্থাতেও এই অস্ত্রোপচার করা হলে আয়ু বৃদ্ধির ক্ষেত্রে চমকপ্রদ ফল মিলছে। যদিও গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে পিয়ার-রিভিউ হয়ে প্রকাশিত হয়নি। তাই এখনই এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মানতে নারাজ গবেষকরা। বিজ্ঞানীরা একই বংশধারার পুরুষ ইঁদুরদের তিনটি আলাদা দলে ভাগ করে এই পরীক্ষা চালান।বয়ঃসন্ধির আগে অস্ত্রোপচার হওয়া ইঁদুরদের আয়ু বেড়েছে ১৯ শতাংশ এবং বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার হওয়া ইঁদুরদের আয়ু বেড়েছে ২৬ শতাংশ।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, ৩০ বছর বয়সের সমতুল্য সময়ে যে ইঁদুরগুলোর উপর অস্ত্রোপচার করা হয়েছিল, তাদের আয়ু বেড়েছে সবচেয়ে বেশি প্রায় ৩৩ শতাংশ। গবেষকদের অনুমান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অণ্ডকোষের কিছু জৈবিক ক্রিয়া শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে, যদিও এর সঠিক কারন এখনও স্পষ্ট নয়। বিজ্ঞানীদের আশা, এই জৈবিক পরিবর্তনগুলো পুরোপুরি বোঝা গেলে ভবিষ্যতে কোনো অস্ত্রোপচার ছাড়াই ওষুধ বা চিকিৎসার মাধ্যমে মানুষের বার্ধক্য হার ধীর করা সম্ভব হতে পারে। যদিও মানুষের ক্ষেত্রে এর প্রভাব জানতে আরও দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন।
The post বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের appeared first on Ei Muhurte Breaking News in Bangla, বাংলা খবর, বাংলার আজকের খবর এই মুহূর্তে.



