0%

ভারত মহাসাগরে ‘ড্রাগন’ আস্ফালন! চিনা ‘অস্ত্র’ ভোঁতা করতে মালদ্বীপে বড় চাল ডোভালের, বার্তা পাকিস্তানকেও?

ভারত মহাসাগরে ক্রমশ নিজেদের জাল বিস্তার করছে চিন। যার জেরে কিছুটা অস্বস্তিতে দিল্লি। এই আবহে অষ্টম কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) যোগ দিতে মালদ্বীপে (Maldives) গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেই মঞ্চ থেকে নাম করে বেজিংয়ের ‘অস্ত্র’ ভোঁতা করার বার্তা দিলেন ডোভাল (Ajit Doval)। জানালেন ভারত মহাসাগরকে দেশগুলির মধ্যে বিভাজন নয়, বরং সংযোগ স্থাপনের মাধ্যম হতে হবে।

বুধবার সিএসসি-র মঞ্চে ভাষণ দিতে গিয়ে ডোভাল বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলের উপকূলবর্তী রাষ্ট্র হিসাবে আমরা একটি অভিন্ন সামুদ্রিক পরিসর ভাগ করে নিই। দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা আমাদের সভ্যতার ঐতিহ্য আমাদের একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে।” তিনি বলেন, “মালদ্বীপের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেমনটি উল্লেখ করেছেন, আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য এমন এক ঐতিহ্য রেখে গিয়েছে, যেখানে সমুদ্র আমাদের সংযুক্ত করেছে। আসুন, আমরাও আমাদের উত্তরসূরিদের জন্য এমন একটি ঐতিহ্য রেখে যাই, যা তাদের বিভক্ত না করে বরং সমুদ্রের মাধ্যমে একে অপরের সঙ্গে আবদ্ধ রাখবে।” একইসঙ্গে সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এই অঞ্চলের দেশগুলির মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশ্লেষকদের একাংশের মতে, ডোভালের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে দীর্ঘদিন ধরেই তৎপর চিন। যার জেরে উদ্বেগে নয়াদিল্লি। বিশেষত, এই অঞ্চলের বিভিন্ন দেশে চিনের অর্থনৈতিক ও কৌশলগত উপস্থিতি ভারতের নিরাপত্তার উপর প্রভাব ফেলেছে। সেই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলির মধ্যে পারস্পরিক আস্থা, তথ্য আদানপ্রদান এবং যৌথ নিরাপত্তা সহযোগিতার উপরে জোর দিলেন ডোভাল। 

মোট ছ’টি দেশ নিয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ। এই দেশগুলি হল – ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, বাংলাদেশ ও সেশেলস। এদিন সিএসসি-র মঞ্চ থেকে শুধু সামুদ্রিক নিরাপত্তাই নয়, বরং সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, মানব পাচার ও সাইবার নিরাপত্তা নিয়েও কথা বলেছেন ডোভাল। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে সন্ত্রাসবাদ নিয়ে ঘুরিয়ে ইসলামাবাদকেও বার্তা দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ডোভাল স্পষ্ট করেছেন, ভারত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ দিল্লি। তাঁর বক্তব্যে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নেবারহুড ফার্স্ট’ নীতি এবং ‘মহাসাগর’ ভাবনার কথাও।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker