0%

নজরে ২৭ নভেম্বর! মমতা ও ঋত তৃণমূলকে দিল্লিতে ডেকে পাঠাল নির্বাচন কমিশন

SOBDIK NEWS: বিধানসভা ভোটের পর দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। মমতা তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে নাম-প্রতীক নিয়ে দ্বন্দ্বও চরমে উঠেছে। এবার দুই শিবিরকে দিল্লিতে ডেকে পাঠাল নির্বাচন কমিশন (Election Commission)। আগামী ২৭ নভেম্বর তাঁদের ডেকে পাঠানো হয়েছে।

তৃণমূলের দুই শিবিরকে কমিশনের তলব | (TMC)

মমতা তৃণমূল ও ঋতব্রত তৃণমূল ইতিমধ্যে নিজেদের যুক্তি জানিয়ে কমিশনে নথি জমা করেছে। এবার শুনানি পর্বের পালা। জানা গিয়েছে, আগামী ২৭ নভেম্বর বিকেল ৪টেয় শুনানি হবে। সেই জন্যই দুই শিবিরকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।

তৃণমূল কংগ্রেস নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে মমতা ও ঋত শিবিরের মধ্যে জোর লড়াই চলছে। এর আগের শুনানিতে কমিশনের তরফে দু’পক্ষের নেতাকে যৌথ নোটিশ পাঠানো হয়েছিল। তাতে জানানো হয়, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে শুনানি স্থগিত রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ পুলিশের সামনে কাউন্সিলরকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! বিষ্ণুপুরের ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

এরপর গত ৫ নভেম্বরের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল ও ১৫ নভেম্বরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়দের মমতা তৃণমূল কমিশনে নথি জমা করেছে। হলফনামায় তথ্য জমা করেছে দুই পক্ষ। যদিও সেই নিয়েও দুই শিবিরের লড়াই থানা-পুলিশ অবধি গড়িয়েছে।

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মমতা তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী। পাশাপাশি নানুর থানার ওসি সঞ্জয় সরকার ও সাব ইনস্পেক্টর গোলক ঘোষের নামেও অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রায় চার পাতার অভিযোগপত্রে দাবি, কমিশনে জমা দেওয়া তথ্য ভুয়ো নোটারি বানিয়ে করা হয়েছে। ৫০ শতাংশ জায়গা ফাঁকা রেখেই হলফনামা জমা করা হয়েছে। পাল্টা মমতা তৃণমূলের বিরুদ্ধেও থানায় গিয়েছেন ঋতব্রতরা।

রাজ্যের বিরোধী দলনেতার দাবি, অন্নপূর্ণা যোজনায় নাম উঠবে বলে ছবি, নথি নিয়ে কমিশনে ভুয়ো হলফনামা দাখিল করেছে মমতা শিবির। কিছু কিছু জায়গায় ত্রিপল দেওয়ার নাম করে সই করানো হয়েছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে কমিশনে কিছু অভিযোগ পাঠানো হয়েছে। বাকিগুলিও পৌঁছে দেওয়া হবে।

এবার নিয়মমাফিক তৃণমূলের দুই শিবিরকে শুনানির জন্য ডাকল নির্বাচন কমিশন। আগামী ২৭ নভেম্বর দুই পক্ষকেই দিল্লিতে উপস্থিত হতে বলা হয়েছে। এরপর তৃণমূলের নাম-প্রতীক যুদ্ধ কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker