0%

বিপক্ষের জীবন ‘নরক’ করে দাও! দ্বিতীয় টেস্টের আগে গিলকে পরামর্শ অশ্বিনের, ‘কোহলির থেকে শেখো’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ১৫ ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেন শুভমান গিল (Shubman Gill)। তখনও ১১৩ রানে পিছিয়ে ছিল কিউয়িরা। ভারতের জিততে দরকার ছিল মাত্র ৫ উইকেট। কিন্তু গিল ম্যাচ শেষ করতে রাজি হয়ে যান। ম্যাচ ড্র হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে ভারতের চাপ বেড়েছে। গিলের এই দৃষ্টিভঙ্গিতে বেজায় ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin)।

প্রথম টেস্টে কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন? গিলের যুক্তি, পরের টেস্টের আগে বোলারদের তরতাজা রাখা দরকার। সেটা কি টেস্ট জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। গিলের মন্তব্যের প্রবল বিরোধী অশ্বিন। তাঁর সাফ বক্তব্য, টেস্টজয়ের জন্য ঝাঁপানো উচিত ছিল ভারতের। তিনি বলেন, “বিরাট কোহলির নেতৃত্ব থেকে শেখা উচিত। ম্যাচে তো ড্র হতেই পারে। আপনি কখনও বলতে পারবেন না, অন্য কোনও বোলার বা অধিনায়ক ম্যাচটা জিতিয়ে দিত। আমি শুধু এটুকুই বলব, তাগিদের দরকার আছে।”

সেটা কীরকম? অশ্বিন বলছেন, “যখন ড্যারিল মিচেল ব্যাট করছিল, তখন আমাদের প্লেয়ারদের সঙ্গে হাসছে, গল্প করছে। এটা হওয়া উচিত নয়। যখন আমাদের হাতে ম্যাচের রাশ থাকবে, তখন এসব চলতে পারে। কিন্তু যখন আমরা জেতার জন্য ঝাঁপাতে চাই, তখন নয়। তাতে প্রতিপক্ষ ব্যাটারকে স্বস্তি দেওয়া হয়।” তাঁর আরও বক্তব্য, “আমরা ভালো খেলেছি। কিন্তু জিততে পারিনি। ভালো খেললে কেউ পয়েন্ট দেবে না। জিতলে দেবে। যে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার উপরে, তাদের বেগ দিয়ে জিততে না পারলে নিজেদের উপর রাগ হওয়া উচিত।”

নেটিজেনরাও ফিরিয়ে আনছেন কোহলির নেতৃত্বের স্মৃতি। ২০২১-এ ইংল্যান্ড টেস্টে কোহলি বলেছিলেন, “যদি আমি কাউকে হাসতে দেখি, তাহলে দেখো কী করি!” হুঙ্কার দিয়েছিলেন, আগামী ষাট ওভার যেন প্রতিপক্ষের জন্য জায়গাটা নরকের সমান হয়ে ওঠে। টেস্ট অধিনায়ক হিসেবে গিল কিন্তু এখন আর অনভিজ্ঞ নন। ফলে এই তুলনাগুলো বারবার চলেই আসবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker