0%

ভারত ২৫%, চিন ২০%! ফের ‘শুল্কযুদ্ধে’র দামাম বাজালেন ট্রাম্প, ভোট ভরাডুবিতেও ফেরেনি হুঁশ?

মধ্যবর্তী নির্বাচনে পর্যুদস্ত। কিন্তু তারপরেও আগ্রাসী নীতি থেকে সরে আসতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারত-সহ ১৬টি দেশের বিরুদ্ধে ‘শুল্কযুদ্ধে’র ঘোষণা করলেন তিনি। জানা গিয়েছে, ভারতের উপর ২৫ শতাংশ এবং চিনের উপর ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

জানা গিয়েছে, আমেরিকার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ অনুচ্ছেদের আওতায় দেশটির বাণিজ্য প্রতিনিধিরা বিশেষ কিছু দেশের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, যাদের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কিন্তু কেন ফের ‘শুল্কযুদ্ধ’ শুরু করছে আমেরিকা? মার্কিন সংবাদমাধ্যমের দাবি, যে দেশগুলি ভর্তুকি ও অন্যান্য সরকারি সাহায্য দিয়ে নিজেদের অভ্যন্তরীণ শিল্পকে চাঙ্গা করছে (যেখানে বিদেশি বিনিয়োগও রয়েছে), মূলত তাদের উপরই ক্ষুদ্ধ ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় রয়েছে – ভারত, চিন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো দেশ। সম্প্রতি সেই দেশগুলির অভ্যন্তরীণ শিল্প ক্ষেত্রে ভর্তুকি-সরকারি সাহায্য নিয়ে কয়েক মাসব্যাপী তদন্ত চালায় মার্কিন প্রশাসন। বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর সেই তদন্তের ফলাফল প্রকাশিত হয়েছে। তারপরই শুল্ক চাপানোর তোড়জোড় শুরু করে দিল ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের যুক্তি, ভর্তুকির মাধ্যমে অন্য বিদেশি উৎপাদকদের মার্কিন সংস্থাগুলির তুলনায় অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে তারা কম খরচে অতিরিক্ত পণ্য উৎপাদন করছে। আন্তর্জাতিক বাজারগুলিতে সেই সস্তার পণ্য ছড়িয়ে পড়ছে। এর ফলে প্রতিযোগিতায় টিকতে পারছে না বেশি দামি মার্কিন সংস্থার পণ্য। ওয়াশিংটনের এই ‘শুল্কযুদ্ধ’ ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, দুই দেশ এখনও বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। আলোচনা ইতিবাচক পর্যায়ে থাকলেও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাই এই পরিস্থিতিতে আমেরিকার ফের শুল্ক আরোপের প্রস্তাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা আন্তর্জাতিক আমদানি কর বাতিল করেছিল। তার বিকল্প হিসাবেই নতুন করে ‘শুল্কযুদ্ধ’ শুরু করছে ওয়াশিংটন। অর্থাৎ ভোট ভরাডুবিতেও হুঁশ ফেরেনি মার্কিন প্রেসিডেন্টের। তিনি তাঁর আগ্রাসী নীতিতেই অটল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker