ভরা হাইওয়েতে উলটে গেল জ্বালানি ট্রাক! কায়রোতে ভয়ংকর দুর্ঘটনায় ঝলসে মৃত অন্তত ৩১

মিশরের রাজধানী কায়রোতে ভয়ংকর দুর্ঘটনা। ভরা হাইওয়েতে উলটে গেল জ্বালানি ট্রাক। ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা বহু।
মিশরের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার কায়রোর রিং রোডে দুর্ঘটনার কবলে পড়ে জ্বালানি ট্রাকটি। ভরা হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আচমকা উলটে যায়। এরপরই ভয়ংকর বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা যানবাহনগুলিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। প্রসঙ্গত, এই রিং রোড হল কায়রোর অন্যতম ব্যস্ত হাইওয়ে। এটি রাজধানীর বিভিন্ন অংশকে যুক্ত করে।
কিন্তু কী কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত। দুর্ঘটনার একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, ঘনজনবসতিপূর্ণ কায়রোর আল-ওয়ারাক এলাকায় আগুনের বিশাল কুণ্ডলী। কালো ধোঁয়ার চাদরে ঢেকেছে আকাশ। হাইওয়েজুড়ে আতঙ্কের স্রোত। গাড়িচালকরা হর্ন বাজিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন। সূত্রের খবর, ভয়ংকর এই অগ্নিকাণ্ডের জেরে হাইওয়ের আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিশর সরকারের এক কর্তা বলেন, “মৃতদের শরীর সম্পূর্ণ ঝলসে গিয়েছে। তাঁদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে। আহতকের অনেকের অবস্থাই সংকটজনক।” সে দেশের মন্ত্রিসভার এক মুখপাত্র বলেন, “দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। তদন্তের ফলাফলের পর সরকার আরও পদক্ষেপ করবে। হাইওয়ে কিংবা রাস্তায় পেট্রোলিয়াম পণ্য পরিবহনের ক্ষেত্রে নয়া নিয়ম প্রণয়ন করা হবে।”
শেয়ার
লিংক



