দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়ার পেস বিভাগে বদল, ফের বাদের খাতায় সিরাজ! কী ছক গম্ভীরদের?

ওয়েলিংটন টেস্ট ড্র করে বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্ন। আগামী শুক্রবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট। যা কি না আদতে সিরিজ নির্ধারক ম্যাচ। যার ফলে হ্যাগলে ওভালের সেই টেস্টে দলে বদল করতে বাধ্য হতে পারে শুভমান গিলের ভারত।
প্রখর রোদ এবং পাটা পিচের কারণে বেসিন রিজার্ভে রীতিমতো দুর্বিষহ হয়ে পড়েছিল ভারতীয় বোলারদের জীবন। হ্যাগলে ওভালের পরিস্থিতিও একই রকম হতে পারে। তাপমাত্রা সেখানেও প্রবল। আগামী কয়েক দিনে তিরিশ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তাই সেখানেও পিচ যে সময়ের সঙ্গে পাটা হয়ে যাবে না, কে বলতে পারে? যে কারণে, অংশুল কাম্বোজকে ক্রাইস্টচার্চে খেলানো হবে কি না, তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে।
কিন্তু ওয়েলিংটনে হরিয়ানা পেসারকে দেখে মনে হয়নি, টেস্টে ব্ল্যাক ক্যাপস ব্যাটিংকে বিপদে ফেলার মতো অস্ত্রশস্ত্র হাতে কিছু আছে বলে। দু’ইনিংস মিলিয়ে তিন উইকেট পেয়েছেন কাম্বোজ। খুব কমই কিউয়ি ব্যাটারদের জন্য বিপদসঙ্কল পরিস্থিতি তৈরি করতে পেরেছেন তিনি। না সুইং পেয়েছেন, না সিম মুভমেন্ট আদায় করতে পেরেছেন পিচ থেকে। যা দিয়ে ব্যাটারের মনে সংশয় সৃষ্টি করা যায়। কম্বোজের শর্ট বল স্ট্র্যাটেজিও কাজ করেনি বলের গতি কম হওয়ায়।
বেসিন রিজার্ভের মতো হ্যাগলে ওভালেও চার পেসার নিয়ে ভারত নামবে কি না, এখনই স্পষ্ট নয়। তবে কাম্বোজ না খেললে, খেলবেন কে? যাঁকে বেসিন রিজার্ভ টেস্টে না খেলানো নিয়ে প্রভূত বিতর্ক হয়েছিল, সেই মহম্মদ সিরাজ? ওয়াশিংটন সুন্দরও কি খেলবেন? নাকি ফিরিয়ে আনা হবে রবীন্দ্র জাদেজাকে? খবর যা, তাতে সিরাজের খেলার সম্ভাবনা বেশ কম। যদি একান্তই না খেলানো হয় কম্বোজকে, গুরনুর ব্রারকে খেলানো হতে পারে। যিনি দীর্ঘদেহী। প্লাস, যাঁর বলের গতি তুলনামূলক অনেক বেশি।
শেয়ার
লিংক



