চিনের অভিযানে শামিল হয়ে পৌঁছলেন মহাকাশে! ইতিহাস গড়লেন যুদ্ধবিমান ওড়ানো পাকিস্তানি মহাকাশচারী

সবদিক নিউজ:মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় লিখল পাকিস্তান (Pakistan)। প্রথমবার সে দেশের কোনও প্রশিক্ষিত মহাকাশচারী মহাকাশ অভিযানে শামিল হলেন। চিনের (China) ‘শেনঝৌ-২৪’ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে পাড়ি দিয়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সি মহম্মদ জীশান আলি (Muhammad Zeeshan Ali)। পাক বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার তথা যুদ্ধবিমানের পাইলট জীশানকে নিয়ে বুধবার ভারতীয় সময় ভোর ৫টা ৪৮ মিনিটে চিনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ‘লং মার্চ ২এফ’ রকেট। তাঁর সঙ্গে রয়েছেন চিনা মহাকাশচারী তাং হোংবো এবং ইউ ই। চিনের তরফে জানানো হয়েছে, সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে মহাকাশযানটি।
প্রথম পাক মহাকাশচারী হিসেবে চিনের স্পেস স্টেশনে পাড়ি মহম্মদ জীশান আলির (Muhammad Zeeshan Ali):
এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দরজা খুলে গেল। মহাকাশে পৌঁছনোর পর জীশানের (Muhammad Zeeshan Ali) গন্তব্য চিনের মহাকাশ স্টেশন ‘তিয়াংগং’। সেখানে প্রায় এক সপ্তাহ কাটিয়ে বিভিন্ন গবেষণায় অংশ নেবেন তিনি। মূলত মাইক্রোগ্র্যাভিটি বা অতি ক্ষুদ্র মাধ্যাকর্ষণ পরিস্থিতিতে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। পাশাপাশি, মহাকাশে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতাও পরীক্ষা করার কথা রয়েছে তাঁর। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠানো গবেষণার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং সালোকসংশ্লেষকারী অণুজীব নিয়ে পরীক্ষা।
প্রতারণা রুখতে নতুন নিয়মের পথে RBI! UPI-সহ ডিজিটাল পেমেন্ট বন্ধের ক্ষমতা পাবেন গ্রাহকরা
উল্লেখ্য, ২০২৩ সালে পাকিস্তানি ব্যবসায়ী নমীরা সেলিম মহাকাশ ভ্রমণ করেছিলেন। তবে তিনি পেশাদার মহাকাশচারী ছিলেন না। ভার্জিন গ্যালাকটিকের পর্যটন কর্মসূচির অংশ হিসেবেই কয়েক মিনিটের জন্য মহাকাশের প্রান্তে পৌঁছেছিলেন। সেই তুলনায় জীশানের এই অভিযান অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, তিনি প্রশিক্ষিত মহাকাশচারী হিসেবে দীর্ঘ সময় মহাকাশ স্টেশনে থেকে গবেষণা করবেন। আগে থেকেই তিয়াংগংয়ে থাকা লাই কা-ইং এবং ঝাং ঝিওয়ানের সঙ্গে তাঁর পৃথিবীতে ফেরার কথা।
এই অভিযান চিনের কাছেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। নিজেদের মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে বেজিং। সেই পরিকল্পনায় অন্য দেশের মহাকাশচারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। জীশানের হাত ধরে সেই উদ্যোগের সূচনা হল। ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ গবেষণায় তিয়াংগং গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি, ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যমাত্রাও রয়েছে চিনের।
মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়নের ছক রাশিয়ার? চলতি বছরেই স্যাটেলাইট উৎক্ষেপণের ‘আশঙ্কা
মহাকাশে পাড়ি দেওয়ার আগে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে জীশান (Muhammad Zeeshan Ali) বলেছিলেন, তাঁর কাঁধে শুধু পাকিস্তানের নাম নয়, জড়িয়ে রয়েছে ২৫ কোটি মানুষের আশা ও স্বপ্ন। এই জায়গায় পৌঁছনোর জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি চিনা ভাষাও শিখেছেন। সাত মাসেরও বেশি সময় বেজিংয়ে থেকে সেই প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এভিয়েশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করা জীশান দীর্ঘদিন পাক বায়ুসেনায় যুদ্ধবিমান চালিয়েছেন। ২০২৬ সালে মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নিতে চিনে পৌঁছেছিলেন তিনি এবং আর এক পাক মহাকাশচারী খুররম দাউদ।



