0%

একই দলে খেলবেন পুরুষ ও মহিলারা! অভিনব টুর্নামেন্ট জাহিরের সংস্থার, হবে ইউরোপের ফুটবলপ্রেমী দেশে

এমনিতে জার্মানি ফুটবলপ্রেমী দেশ হিসাবে পরিচিত। অ্যাথলেটিক্সেও কমবেশি নামডাক রয়েছে। যেটা নেই সেটা হল ক্রিকেটসংস্কৃতি। তবে এবার সেই জার্মানিতেই অভিনব একটি টুর্নামেন্টের আয়োজন হতে চলেছে। যেখানে একই সঙ্গে একই দলে খেলবেন ও পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। এই অভিনব উদ্যোগের পিছনে যিনি রয়েছেন তাঁর নাম জাহির খান।

জাহির খানের সংস্থা অ্যাঙ্কর স্পোর্টস জার্মান ক্রিকেট সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে অভিনব একটি টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে। ২০২৭ সালের অগস্টে হবে নতুন এই প্রতিযোগিতা। পাঁচটি দল অংশগ্রহণ করবে। মোট ১২টি ম্যাচ হবে। প্রথম একাদশে ছ’জন মহিলা এবং পাঁচ জন পুরুষ ক্রিকেটার থাকবেন। প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন করে ক্রিকেটার থাকবেন। এই প্রথম পেশাদার যৌথ ক্রিকেট টুর্নামেন্ট। জাহির খানের সংস্থা ওই টুর্নামেন্টের নাম দিয়েছে ‘ইক্যুয়াল’।

জাহিরের আশা, ওই অভিনব পুরুষ-মহিলা ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেটে নতুন দিগন্ত খুলে দেবে। তিনি বলছেন, “আমরা মানুষের কাছে যত আকর্ষণীয় করে তুলতে পারব, ক্রিকেটের তত প্রসার হবে। এ ক্ষেত্রে ইউরোপের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষ ও মহিলারা একসঙ্গে খেললে আকর্ষণ বাড়বে।” জার্মান ক্রিকেট সংস্থার সভাপতি সেভেরিন উইবের আশা, নতুন প্রতিযোগিতা জার্মানিতে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে পারে। তাছাড়া জার্মান ক্রিকেটারদের জন্য এটা নতুন সুযোগ।

টেস্ট, ওয়ানডে হয়ে টি-টোয়েন্টি। প্রায় ১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে বহু বদল এসেছে। তবে কিছু জিনিস একই রকম থেকে গিয়েছে। যেমন, পুরুষ ও মহিলা দল আলাদা আলাদা ম্যাচই খেলে। এবার সেটাও বদলাতে চলেছে! আয়োজকদের লক্ষ্য পুরুষ-মহিলার বিভাজন দূর করা। যাতে লিঙ্গবৈষম্য ভুলে সবাই একে-অপরের সমর্থনে গলা ফাটাতে পারে। সেই সঙ্গে ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়ানো যায়।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker