নতুন বছরেই জুড়তে চলেছে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ, কবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?

SOBDIK NEWS: বহু প্রতীক্ষিত রুট সম্প্রসারণ হচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro)। অরেঞ্জ লাইন নিয়ে এসেছে বড় আপডেট। গত সপ্তাহে দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো রুটের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই কলকাতায় আসতে পারেন প্রধানমন্ত্রী।
অরেঞ্জ লাইন মেট্রোর (Kolkata Metro) উদ্বোধনে প্রধানমন্ত্রী
নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সূচির কোনও পরিবর্তন না হলে আগামী ৭ জানুয়ারি ও ২৭ জানুয়ারি কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। ওই দুদিনের যে কোনো একদিন নতুন মেট্রো রুটের সূচনা হবে বলে খবর। এর আগে মনে করা হয়েছিল, চলতি বছর ডিসেম্বরেই সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া রুটে মেট্রো (Kolkata Metro) চালু হয়ে যাবে। কিন্তু সেই সম্ভাবনা আর প্রায় নেই বললেই চলে।
বাংলায় প্রবাসী ভারতীয় সম্মেলন: প্রতি বছরই প্রবাসী ভারতীয়দের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হয় বিশেষ সম্মেলন। এবার সেই সম্মেলন বাংলায় হবে বলে খবর। আগামী ৭ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হবে সম্মেলন। প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে ওই সম্মেলনে।
আরও পড়ুন : বাজারে ছেয়ে গিয়েছে নকল বাঁধাকপি, দেখতে আসলের মতোই, ফারাক করবেন কীকরে?
কবে হবে উদ্বোধন: এরপর ২৭ জানুয়ারি ফের গ্লোবাল এনার্জি সামিট অনুষ্ঠিত হবে শহর কলকাতায়। ওই সম্মেলনের সূচনাও প্রধানমন্ত্রী করতে পারেন বলে খবর সূত্রের। নবান্ন সূত্রের খবর, কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে সমন্বয় রেখে জানুয়ারি মাসের ওই দুদিনের মধ্যে যেকোনো একদিন নতুন মেট্রো রুটের সূচনা হতে পারে।
আরও পড়ুন : শীতের দুপুরে ঝাল ঝাল বেগুন টমেটো ভর্তা, এভাবে বানালেই উঠবে একথালা ভাত
দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, চিংড়িঘাটার কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু করার ক্ষেত্রে আর কোনও বাধা নেই। এবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছেন তিনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সূচি নিশ্চিত হলেই অরেঞ্জ লাইনের এই অংশের উদ্বোধনের প্রস্তুতি শুরু হয়ে যাবে।



