দিঘায় পর্যটনের নতুন ঠিকানা হতে চলেছে চিড়িয়াখানা, শুরু প্রস্তুতি

দিঘা: শুধু সমুদ্রের ঢেউ আর সৈকতের সৌন্দর্য নয়, পর্যটকদের টানতে দিঘায় নতুন আকর্ষণ যোগ করার পরিকল্পনা করছে রাজ্য প্রশাসন। নিউ দিঘায় চিড়িয়াখানা তৈরির প্রাথমিক উদ্যোগ শুরু হয়েছে। পাশাপাশি ফের চালু করা হতে পারে একসময় বন্ধ হয়ে যাওয়া সর্প উদ্যানও। সব পরিকল্পনা বাস্তবায়িত হলে সৈকত শহরের পর্যটন মানচিত্রে যুক্ত হবে নতুন ঠিকানা।
প্রশাসনিক সূত্রে খবর, প্রস্তাবিত চিড়িয়াখানার জন্য নিউ দিঘায় প্রায় ২০ একর জমি প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। ওডিশা সীমানার কাছে ‘দিঘাশ্রী’-র বিপরীত দিকে ঝাউবন এলাকায় রয়েছে ওই জমি। সম্প্রতি বন দপ্তরের আধিকারিক ও প্রশাসনের প্রতিনিধিরা জায়গাটি ঘুরে দেখেছেন। জমি পরিদর্শনের পর একটি রিপোর্টও তৈরি করা হয়েছে। সেটি দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কাছে জমা দেওয়ার কথা।
কাঁথি মহকুমা বন দপ্তরের আধিকারিক অতুলপ্রসাদ দে জানিয়েছেন, দিঘাকে আরও বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ। তাঁর আশা, প্রয়োজনীয় প্রক্রিয়া এগোলে আগামী বছর থেকে প্রকল্পের কাজ শুরু হতে পারে। তবে উপকূলীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারবে, এমন পশুপাখি রাখার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হবে।
চিড়িয়াখানায় কোন কোন প্রাণী রাখা হতে পারে, তা নিয়েও প্রাথমিক আলোচনা চলছে। প্রশাসনিক সূত্রের দাবি, হাতি, হরিণ ও জলহস্তির মতো প্রাণী রাখার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি লেপার্ড রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে। যদিও প্রাণীর তালিকা বা প্রকল্পের চূড়ান্ত রূপরেখা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সংশ্লিষ্ট আধিকারিকদের বক্তব্য, গোটা পরিকল্পনাই আপাতত আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে।
অন্য দিকে, দিঘায় আগে একটি সর্প উদ্যান থাকলেও সেটি দীর্ঘদিন ধরে বন্ধ। সেটিকে নতুন করে চালু করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে চিড়িয়াখানার পাশাপাশি সর্প উদ্যান চালু হলে পর্যটকদের সামনে আরও একটি ঘোরার জায়গা খুলে যেতে পারে।
প্রশাসনের লক্ষ্য, দিঘাকে শুধু সমুদ্র দেখার গন্তব্যে আটকে না রেখে সারা বছর পর্যটকদের আকর্ষণ করার মতো পরিকাঠামো তৈরি করা। আগের সরকারের আমলে সৈকত শহরে জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল। এ বার চিড়িয়াখানা ও সর্প উদ্যানের পরিকল্পনা সেই পর্যটন পরিকাঠামো আরও বিস্তৃত করার উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে।
দিঘার পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের রুজি-রোজগার। হোটেল মালিক, দোকানদার, হকার থেকে শুরু করে গাড়ি ও পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের জীবিকা অনেকটাই নির্ভরশীল পর্যটকদের আনাগোনার উপর। তাই নতুন আকর্ষণ তৈরি হলে পর্যটকদের সময় কাটানোর সুযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা ও অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনও প্রশাসনিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষা।
‘৫০ শতাংশ কম দামে মিলবে দুরারোগ্য ব্যাধির ওষুধ!’ দুর্গাপুর থেকে বার্তা শুভেন্দুর
৭২ ঘণ্টার তল্লাশির পর এনকাউন্টার, পুলিশের গুলিতে জখম প্রতাপ ওরফে প্যাঁও



